প্রধান বিচারপতি গভাইয়ের দিকে উড়ে এল জুতো, হইচই সুপ্রিম কোর্টে
এদিন সোমবার সুপ্রিম কোর্টে এক নাটকীয় ঘটনা ঘটল। শুনানিকালে ভারতের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেন এক আইনজীবী। এই ঘটনায় গোটা বিচারালয় স্তম্ভিত হয়ে যায়।
অভিযুক্ত আইনজীবীকে তৎক্ষণাৎ আটক করা হয়। অন্যদিকে, প্রধান বিচারপতি গভাই অবিচলিত থেকে আদালতের কার্যক্রম চালিয়ে যান। অভিযুক্তকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, "সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।"

মাত্র কয়েক সপ্তাহ আগে মধ্যপ্রদেশের ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তির পুনরুদ্ধার সংক্রান্ত একটি শুনানিতে প্রধান বিচারপতির "যাও এবং দেবতাকে জিজ্ঞেস করো" মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই মন্তব্যের জেরে তিনি সমালোচিত হয়েছিলেন, এবং আজকের ঘটনা সেই প্রেক্ষাপটেই ঘটেছে।
ঘটনার পর প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এসব ব্যাপারে বিচলিত হবেন না। এই সব বিষয় আমাকে প্রভাবিত করে না। শুনানি চালিয়ে যান।"
সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পাণ্ডে বলেছেন যে, ওই অভিযুক্ত ২০১১ সাল থেকে বার অ্যাসোসিয়েশনের সদস্য। তিনি বলেন, "এই কাজ প্রধান বিচারপতির দেবতা সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়া বলেই মনে হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।"
সেপ্টেম্বরে, মধ্যপ্রদেশের জাভারি মন্দিরের ৭ ফুট উঁচু বিষ্ণু মূর্তির পুনরুদ্ধার চেয়ে করা একটি আবেদন খারিজ করার সময় প্রধান বিচারপতি গভাই আবেদনকারীকে বলেছিলেন, "এটি সম্পূর্ণভাবে একটি প্রচারমূলক মামলা। এখন দেবতাকে গিয়ে কিছু করতে বলো। তুমি বলছ তুমি ভগবান বিষ্ণুর একজন কট্টর ভক্ত। তাহলে এখন গিয়ে প্রার্থনা করো।"












Click it and Unblock the Notifications