দিল্লিতে ফের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, শিশু-বিদেশি মহিলা নির্যাতনের শিকার রাজধানীতে!
ফের নারী নির্যাতনের ঘটনায় শিরোনামে উঠে এল রাজধানী। দিল্লির মহিপালপুরের একটি হোটেলে একজন ব্রিটিশ মহিলাকে গণধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজনের নাম কৈলাশ, যে ইনস্টাগ্রামের মাধ্যমে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব করেছিল বলে জানা যাচ্ছে এবং তার ডাকেই ওই মহিলা দেখা করতে দিল্লিতে এসেছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
যা জানা যাচ্ছে, কৈলাশ ইনস্টাগ্রামের মাধ্যমে লন্ডনের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। মহিলা মহারাষ্ট্র ও গোয়া সফরের পর দিল্লিতে আসেন এবং মহিপালপুরের এক হোটেলে ওঠেন। কৈলাশ তার বন্ধু ওয়াসিমকে সঙ্গে নিয়ে ঐ হোটেলে যান। তারা একসঙ্গে বসে মদ্যপান করেন বলেই খবর। এরপরই মহিলার ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, কৈলাশ মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে, এবং যখন সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তখন আরও এক অভিযুক্ত ওয়াসিম তাঁর ওপর চড়াও হয়।

ইতিমধ্যেই মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ব্রিটিশ হাইকমিশনকে বিষয়টি জানানো হয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কৈলাশকে ধর্ষণের অভিযোগে এবং তার সহযোগী ওয়াসিমকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত চালানো হচ্ছে বলে খবর।
স্বাভাবিক ভাবেই এই ঘটনা নব নির্বাচিত বিজেপি সরকারের ওপরও প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
অন্যদিকে, দিল্লির বুকে ঘটেছে আরও একটি নিকৃষ্টতম ঘটনা। আট বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। দিল্লির সদর বাজারে এক ব্যক্তি নিজের আট বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। মেয়েটির মা পুলিশের কাছে অভিযোগ জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্ত ব্যক্তি একজন সবজি বিক্রেতা, যাকে স্থানীয় বাসিন্দারা শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যাচ্ছে।
দিল্লিতে নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ব্রিটিশ মহিলার গণধর্ষণের ঘটনা এবং শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, উভয় ঘটনাই নারীর নিরাপত্তার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত চালাচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এই ধরনের অপরাধ শেষ কবে হবে? এই প্রশ্নের উত্তর আসলে নেই কারোর কাছেই। স্বাভাবিক আজ দেশ জুড়েই মেয়েদের নিরাপত্তায় একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে।












Click it and Unblock the Notifications