Chhattisgarh Election 2023: দরিদ্র মানুষের জন্য উপহার! পাঁচ রাজ্যে নির্বাচনের মুখে বড় ঘোষণা মোদীর
Chhattisgarh Assembly Election 2023: ছত্তিশগড়ের দুর্গে প্রধানমন্ত্রীর নির্বাচনী সমাবেশ। সেখান থেকেই কংগ্রেসকে তীব্র আক্রমণ। তিনি বলেন, কংগ্রেস গরিবদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু করেনি। কংগ্রেস গরিবদের সম্মান করে না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি বলেন গরিবদের দুঃখ-কষ্ট তারা বোঝে না।
প্রধানমন্ত্রী মোদী বলেন, যতদিন কংগ্রেস কেন্দ্রের সরকারে ছিল, ততদিন গরিবদের অধিকার লুট করেছে। তাতে নেতাদের কোষাগার ভরেছে। তিনি দাবি করেছেন, ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার আসার পরে তাঁদের ছেলে (মোদী) দরিদ্র কল্যাণকে সব থেকে বড় অগ্রাধিকার দিয়েছে। তিনি দাবি করেছেন, এই সময়ে দরিদ্র ভাই বোনেদের মধ্যে আস্থা জাগানো হয়েছে, যাতে তাদের দারিদ্র দূর করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, ৫ বছরে ১৩.৫ কোটির বেশি মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আর যাঁরা দারিদ্র সীমা থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তারাই মোদীকে কোটি কোটি আশীর্বাদ দিচ্ছেন। তিনি আরও বলেন, সরকার এমন নীতি তৈরি করেছে, যাতে প্রত্যেক দরিদ্র তাদের দারিদ্রের অবসান ঘটিয়ে সব চেয়ে বড় সৈনিক হয়ে মোদীর সঙ্গী হয়েছে।
প্রধানমন্ত্রীর দাবি, বিজেপি সরকার অত্যন্ত ধৈর্য ও সততার সঙ্গে কাজ করছে। মোদীর কাছে দেশের সব থেকে বড় জাতি একটাই- দরিদ্র। মোদীর তারই সেবক, তার ভাই। তিনি বলেন, বিনামূল্যের রেশন প্রকল্প আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হবে। দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যের রেশন পাওয়া যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে তিনি এক দেশ এক রেশন কার্ডের কথা উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী ঘোষণা করেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বিজেপি সরকার এখন আগামী পাঁচ বছরের জন্য দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প প্রসারিত করবে। জনগণের ভালবাস ও আশীর্বাদ তাঁকে সবসময় পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করে। ২০২২-এর ডিসেম্বরে এই প্রকল্প এক বছরের জন্য বাড়ানো হয়। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের আর্থিক বোঝা বছরে প্রায় দুলক্ষ কোটি টাকা। এই প্রকল্পটি শুরু করা হয়েছিল কোভিডের সময়।
ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন, এরা মহাদেবের নাম পর্যন্ত ছাড়েনি। মাত্র দুদিন আগে রায়পুরে বড় অভিযানে বিশাল টাকার স্তূপ পাওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে বসে এই কেলেঙ্কারির অভিযুক্তদের সঙ্গে সরকার ও মুখ্যমন্ত্রীর কী সম্পর্ক তা ছত্তিশগড়ের জনগণকে বলা উচিত, বলেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications