মেঘ ভাঙা বৃষ্টিতে ফের বিপর্যয় উত্তরাখণ্ডে, চামোলিতে ভেসে গেল ঘর, নিখোঁজ বেশ কয়েকজন
উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন বলে খবর। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গিয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (NDRF) একটি দল উদ্ধারকার্যের জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
বুধবার রাতে নন্দা নগর এলাকায় এই ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। একইসঙ্গে একটি মেডিক্যাল টিম এবং তিনটি অ্যাম্বুল্যান্স দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ ১০ জনের মধ্যে, ফালি গ্রামের ছয়জন, সরপানি গ্রামের দুজন এবং ধুরমা গ্রামের দুজন রয়েছেন।

নিখোঁজদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তির বয়স ৭৫ বছর। এবং সবচেয়ে কমবয়সী দুই বালকের বয়স ১০ বছর। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। কারণ আবহাওয়া দফতর চামোলিতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। স্থানীয়দের মতে, মেঘভাঙা বৃষ্টির কারণে এখনও অনেক মানুষ তাদের বাড়িতে আটকে পড়েছেন।
মাত্র চার দিন আগে, রাজ্যের রাজধানী দেরাদুনে একটি মেঘভাঙা বৃষ্টির ঘটনায় অন্তত ১৩ জন মারা গিয়েছিলেন। সেই ঘটনায় রাস্তাঘাট ভেসে গিয়েছিল এবং অসংখ্য বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুটি প্রধান সেতু ধসে পড়েছিল। ফলে শহরের আশেপাশের অন্যান্য এলাকার সঙ্গে সংযোগকারী একাধিক পথ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজ্য সরকার দেরাদুন, চম্পাওয়াত এবং উধম সিং নগরের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চরম ভারী বৃষ্টি এবং আরও প্রাণহানি, ভূমিধস ও পরিকাঠামোগত ক্ষতির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যজুড়ে ১৫ জন নিখোঁজ রয়েছেন এবং ৯০০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছেন।
এই নিয়ে এবছরই প্রাকৃতিক দুর্যোগের বেশ কয়েকটি ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। বৃষ্টি, ধসের ফলে জনজীবন বিপর্যস্ত হওয়া থেকে শুরু করে বেশ কিছু প্রাণহানির ঘটনারও সাক্ষী থাকল গোটা রাজ্য।












Click it and Unblock the Notifications