সঞ্চার সাথী নিয়ে বিভ্রান্তি কাটাল কেন্দ্র, অপশনাল অ্যাপ, চাইলে ডিলিটই করুন, স্পষ্ট জানালেন সিন্ধিয়া
সঞ্চার সাথী অ্যাপ নিয়ে চলা বিতর্কের মাঝে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় টেলিকম ও যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অ্যাপটি বাধ্যতামূলক নয়, সম্পূর্ণই ঐচ্ছিক। ব্যবহার করতে না চাইলে যে কোনও সময় মুছে ফেলতে পারবেন।
মঙ্গলবার এক বিবৃতিতে সিন্ধিয়া জানালেন, সরকারের ভূমিকা কেবলমাত্র এই অ্যাপটিকে একটি নিরাপত্তা-উপকরণ হিসেবে জনগণের সামনে তুলে ধরা। "মোবাইলে রাখবেন কি রাখবেন না, তা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর সিদ্ধান্ত," বললেন তিনি। বাধ্যতামূলক ইনস্টলের অভিযোগ খণ্ডনও করলেন।

নাগরিক সুরক্ষাই লক্ষ্য, রাজনৈতিক বিতর্কে নয় সরকার,অ্যাপ নিয়ে বিরোধীদের নানা প্রশ্নের জবাবে স্কিন্ডিয়ার বক্তব্য এই প্ল্যাটফর্মের লক্ষ্য প্রতারণা ঠেকানো, নাগরিককে সুরক্ষিত রাখা।
রাজনৈতিক অভিযোগ বা কটাক্ষে প্রতিক্রিয়া দেখানোর চেয়ে সরকার জনগণের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছে, মন্তব্য করেন তিনি।
সিন্ধিয়া জানান, সঞ্চার সাথী পোর্টাল ব্যবহার করেছেন ২০ কোটিরও বেশি মানুষ, আর অ্যাপটি ডাউনলোড হয়েছে ১.৫ কোটিরও বেশি বার।
এর বাস্তব প্রভাবও তুলে ধরেন তিনি ১.৭৫ কোটি জাল বা প্রতারণামূলক মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, ২০ লাখেরও বেশি চুরি হওয়া ফোন শনাক্ত, যার মধ্যে ৭.৫ লাখ ফোন তাদের প্রকৃত মালিকের হাতে ফেরত গেছে।
সিন্ধিয়ার ব্যাখ্যা অ্যাপটি কল শোনা, নজরদারি করা বা ব্যক্তিগত ডেটা পড়ার কোনও ক্ষমতাই রাখে না এ কথা স্পষ্ট করেন মন্ত্রী।
অ্যাপ চালু করা বা বন্ধ রাখা সবই ব্যবহারকারীর হাতে।
তিনি বলেন, "যেভাবে অন্য অ্যাপ ইন্সটল বা ডিলিট করেন, সেভাবেই সঞ্চার সাথীও ডিলিট করা যায়। এটি সম্পূর্ণ অপশনাল।"
বিজেপি নেতা অমিত মালব্যও সতর্ক করলেন সঞ্চার সাথী কোনও নজরদারি টুল নয়।
তার বক্তব্য অ্যাপ মেসেজ পড়তে পারে না, কল শোনে না, ব্যক্তিগত তথ্যেও প্রবেশ করে না। বরং এটি সহায়তা করে স্প্যাম রিপোর্ট করতে, চুরি যাওয়া ফোন ব্লক করতে, প্রতারণামূলক কল শনাক্ত করতে, নিজের নামে নেওয়া অতিরিক্ত সিম খুঁজে বের করতে।
বর্তমান সাইবার অপরাধের যুগে এটি এক গুরুত্বপূর্ণ ঢাল বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপি সাংসদ সম্বিত পাত্রাও একই কথা পুনর্ব্যক্ত করেছেন অ্যাপের উদ্দেশ্য শুধুই ব্যবহারকারীর সুরক্ষা বাড়ানো, নজরদারি বা ডেটা সংগ্রহ নয়।












Click it and Unblock the Notifications