নতুন করে আলোচনার জন্য তৈরি সরকার! কৃষকদের কাছে নতুন করে আবেদন মোদী সরকারের
দিন দুয়েক আগে কৃষকদের সঙ্গে আলোচনা কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তারপর মঙ্গলবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলন রুখতে বলপ্রয়োগ করে সরকার। তারপরে এদিন সকালেই কৃষকরা দিল্লি চলোর প্রস্তুতির কথা ফের ব্যক্ত করেন। তারই মধ্যে কেন্দ্রের তরফে ফের আলোচনার বার্তা।
বুধবার কৃষকদের আন্দোলন-বিক্ষোভ দ্বিতীয় দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন, সরকার কৃষকদের সঙ্গে আলোচনা করতে তৈরি। সরকার কৃষকদের তরফে আলোচনায় প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। আলোচনায় উপযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে আন্দোলনের নামে যাতে সাধারণের জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, তার জন্য লক্ষ্য রাখতে আহ্বান করেছেন তিনি।

এদিন সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্জুন মুন্ডা বলেছেন, তারা আলোচনা করতে তৈরি। সবপক্ষকে বিবেচনায় নিয়ে সরকার আলোচনায় তৈরি বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অর্জুন মুন্ডা আরও বলেছেন, তিনি আগেই বলেছিলেন, কৃষক ইউনিয়নের সঙ্গে ইতিবাচক আলোচনার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কৃষকদের আন্দোলনের জেরে বুধবার দিল্লির সীমানায় ট্রাফিক প্রভাবিত হয়। কারণ পুলিশ সেখানে বেশ কয়েকটি স্তরের ব্যারিকেড তৈরি করে। কৃষকদের প্রস্তাবিত দিল্লি চলোর ডাকের প্রেক্ষিতে সিঙ্গু ও টিকরি সীমানায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। হরিয়ানার সঙ্গে সিঙ্গু ও টিকরি সীমানায় যান চলাচল বন্ধ করে দেওয়া হলেও গাজিপুর সীমানায় যানচলাচল রয়েছে নিয়ন্ত্রিত। কৃষকদের দিল্লি যাত্রা রুখতে সিঙ্গু সীমানার কাছে একটি গ্রামের রাস্তার একটি অংশ খোঁড়া হয়।
মূলত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং ঋণ মাফ করার দাবি নিয়ে কৃষকদের দিল্লি যাত্রার ডাক। সম্মিলিত কিষাণ মোর্চা এহং কিষাণ মজদুর মোর্চা বলেছে, তাদের দাবি মেনে নেওয়ার জন্য চাপ দিতে দিল্লি যাত্রা করা হবে।












Click it and Unblock the Notifications