কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা
মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই আমলাতান্ত্রিক স্তরে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একযোগে প্রায় তিন ডজন শীর্ষ আমলার দায়িত্বে বদল এনে প্রশাসনিক কাঠামোয় নতুন সমীকরণ তৈরি করল।
এই রদবদলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সিনিয়র আইএএস অফিসার চঞ্চল কুমারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নতুন সচিব করা হয়েছে। অন্যদিকে, সঞ্জয় লোহিয়াকে আর্থিক পরিষেবা বিভাগের দায়িত্বে আনা হয়েছে, যিনি বর্তমান সচিবের অবসরের পর পূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়াও, প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের প্রধান অভিষেক সিংহকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির নেতৃত্বে বসানো হয়েছে। পর্যটন, সংখ্যালঘু বিষয়ক, কৃষি, বস্ত্র ও গ্রামোন্নয়ন এইসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নতুন মুখ নিয়ে আসা হয়েছে।
পর্যটন সচিব শ্রীবৎস কৃষ্ণকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকে পাঠানো হয়েছে, আর তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন ভুবনেশ কুমার। একইসঙ্গে কৃষি ও গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত দফতরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা নীতি নির্ধারণে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়া রাসায়নিক, পেট্রোরসায়ন, ভূমি সম্পদ ও প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন দপ্তরেও নতুন সচিব নিয়োগ করা হয়েছে। একাধিক আধিকারিককে অতিরিক্তy দায়িত্বও দেওয়া হয়েছে, যার মধ্যে পেনশন ও জন অভিযোগ দপ্তরও রয়েছে।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকেও শীর্ষ পদে পরিবর্তন আসছে। নির্দিষ্ট সময় পর নতুন সচিব দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসি এর প্রধান পদেও পরিবর্তন করা হয়েছে, যা দেশের বিমান পরিবহন খাতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই রদবদলের আওতায় প্রায় ২৫ জন আধিকারিককে অতিরিক্ত সচিব স্তরে বিভিন্ন মন্ত্রকে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, রাজস্ব, পরিবেশ, বাণিজ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক নতুন করে সাজানো হয়েছে।
সরকারি মহলের মতে, এই ব্যাপক রদবদলের লক্ষ্য হল প্রশাসনিক দক্ষতা বাড়ানো ও বিভিন্ন মন্ত্রকের কাজের গতি আরও ত্বরান্বিত করা। আগামী দিনে এই নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কার্যকলাপ কেন্দ্রীয় প্রশাসনের কার্যকারিতায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications