গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও পড়তে শুরু করেছে। একাধিক শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ বন্ধ হওয়া এবং পেট্রোল পাম্পে লম্বা লাইনের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কারণে জরুরি পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

জ্বালানি এবং গ্যাসের সরবরাহ বজায় রাখার জন্য কেন্দ্র অত্যাবশ্যক পণ্য আইন (Essential Commodities Act), ১৯৫৫ কার্যকর করেছে। এর ফলে নির্দিষ্ট জরুরি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে গৃহস্থালি ব্যবহার, পাইপলাইন গ্যাস এবং পরিবহণ পরিষেবার ক্ষেত্রে।
বর্তমানে ভারতে প্রায় ৩২ কোটির বেশি এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারী রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির প্রভাব সাধারণ মানুষের উপর যাতে না পড়ে, সেই লক্ষ্যেই এরকম একটি পদক্ষেপ বলে জানানো হয়েছে। সেইসঙ্গে পরিস্থিতি নজরদারির জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas) একটি বিশেষ কমিটিও গঠন করেছে।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার কারণে তেল সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ে। আর এরই মধ্যে দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার কারণে মুম্বাই, বেঙ্গালুরু এবং চেন্নাই-সহ একাধিক জায়গায় হোটেল ও রেস্তোরাঁ শিল্পে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications