Pahalgam Terror Attack: বিশ্বে নিন্দিত পহেলগাঁও জঙ্গি হামলা, আশ্চর্য নীরবতা কানাডার! কেন চুপ কার্নে?
Pahalgam Terror Attack: পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে এখনও পর্যন্ত চুপই রইল কানাডা। গোটা বিশ্বে নিন্দার ঝড় বয়ে গিয়েছে মঙ্গলবারের জঙ্গি হামলার পর। চিন, তুরস্ক, এমনকী পাকিস্তানও হামলার নিন্দা করেছে। যদিও কানাডার সরকারের তরফে কোনও বিবৃতি জারি হল না। সেদেশের বিরোধী দলনেতা পিয়েরি পইলিভার অবশ্য হামলার নিন্দা করেছেন। তবে হামলার ২ দিন হতে চললেও চুপই রইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে।
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে খুন করেছে জঙ্গিরা। ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দু পুরুষদের খুন করে দেওয়া হয়। মোট ২৬ জন প্রাণ হারান। হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার সংগঠন টিআরএফ। ভূ-রাজনৈতিক বিবাদ থাকা সত্ত্বেও পাকিস্তান, চিন ঘটনার নিন্দা জানিয়েছে। এমনকী আফগানিস্তানের তালিবান সরকার ও ইরানও ইসলামি সন্ত্রাসবাদের নিন্দা করেছে। যদিও কানাডার সরকারের তরফে এল না কোনও সমবেদনা।

কানাডার বিরোধী দলনেতা অবশ্য এক্স পোস্টে লেখেন, "জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর কড়া নিন্দা জানাচ্ছি। হতাহতদের প্রতি সমবেদনা রইল। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে এক অবস্থান কানাডার।" সরকারে না থেকে বিরোধী দলনেতা এ কথা বললেও ক্ষমতাসীনদের তরফে এল না কোনও বার্তা। G7 গোষ্ঠীর দেশগুলির মধ্যে একমাত্র দেশ কানাডা, যারা পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে এখনও চুপ।
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জমানায় ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক ঠেকেছিল কার্যত তলানিতে। ট্রুডোর বরাবরের দাবি ছিল, খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে নাকি ভারতীয় যোগ রয়েছে। সেই হত্যাকে কেন্দ্র করেই সম্পর্কের অবনতি ঘটে দুই দেশের মধ্যে। যদিও রাজনৈতিক কারণে এই দোষারোপ বলে জানিয়েছিল নয়াদিল্লি। এরপর কানাডায় খালিস্তানিমূলক কার্যকলাপ আরও বাড়ে। হিন্দু মন্দিরে হামলা থেকে শুরু করে ভারত বিরোধী জিগিরও তুলতে দেখা গিয়েছিল সেদেশের অন্দরে।
এদিকে কানাডা চুপ থাকলেও ভারতের পাশে আমেরিকা। জঙ্গি হামলার কয়েক ঘণ্টা পরেই কড়া নিন্দা বার্তা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে। ভারতকে এই অবস্থায় সন্ত্রাস দমনে পুরোদমে সাহায্য করার প্রতিশ্রুতি দেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, "কাশ্মীরের ঘটনা উদ্বেগের। সন্ত্রাসবাদ শেষ করতে ভারতের পাশে রয়েছে আমেরিকা। মৃতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।" এক্স হ্যান্ডেলে পোস্ট করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জঙ্গি হামলার নিন্দা জানান।












Click it and Unblock the Notifications