গোমূত্র বা গোবর দিয়ে ক্যানসার চিকিৎসা সম্ভব? জানতে বরাদ্দ সরকারি অর্থ! টাকা গেল কোথায়? ফাঁস রিপোর্টে
গরুর দুধ, গোবর এবং গোমূত্র ব্যবহার করে কী ক্যানসারের চিকিৎসা সম্ভব? ঠিক এই দাবি যাচাই করার জন্যেই মধ্যপ্রদেশে শুরু হয়েছিল এক সরকারি গবেষণা। কিন্তু সেই গবেষণার জন্য বরাদ্দ সাড়ে তিন কোটি টাকা কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে এবার উঠেছে বড় প্রশ্ন।

এই গবেষণা ২০১১ সালে তৎকালীন বিজেপি সরকারের আমলে জব্বলপুরের নানাজি দেশমুখ পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়। বিশ্ববিদ্যালয়টি প্রথমে প্রায় আট কোটি টাকা চেয়েছিল। কিন্তু রাজ্য সরকার সাড়ে তিন কোটি টাকার অনুদান দেয়। বহুদিন ধরে গবেষণা চললেও সাম্প্রতিক এক অভিযোগে উঠে আসে যে, সন্দেহজনকভাবে এই অর্থের বড় অংশ খরচ হয়েছে।
অভিযোগটি পাওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে তদন্ত শুরু হয়ে যায়। অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে গঠিত কমিটি প্রায় এক দশকের খরচ খতিয়ে দেখেছে এবং সম্প্রতি রিপোর্ট জমা দিয়েছে। যদিও রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর অনুসারে অনেক খাতে অস্বাভাবিক বেশি খরচের প্রমাণ পাওয়া গেছে।
তদন্তে জানা গিয়েছে যে, ২০১১-২০১৮ সালের মধ্যে শুধু গোবর, পাত্র, গোমূত্র, কাঁচামাল এবং সাধারণ যন্ত্রপাতি কিনতেই প্রায় ১ কোটি ৯২ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। তদন্তকারীদের মতে, ওই সময়ে এইসমস্ত জিনিসগুলির বাজারদাম ২০ লক্ষ টাকার মধ্যেই থাকার কথা। এছাড়াও কোনোরকমের প্রয়োজন ছাড়াই একাধিকবার বিমানযাত্রা, বাজেটে না থাকা গাড়ি কেনা এবং গবেষণার সঙ্গে সম্পর্কহীন কিছু খরচের কথাও উঠে এসেছে রিপোর্টে।
রিপোর্টে আরও জানানো হয়েছে যে, নথিতে কৃষকদের প্রশিক্ষণের কথা থাকলেও কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তার কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, দরপত্র ডেকে এবং সরকারি নিয়ম মেনেই সব কেনাকাটা এবং খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন যে, তদন্তকারী দলকে সমস্ত নথি দেওয়া হয়েছে এবং কোথাও কোনও অনিয়ম হয়নি।
এখন প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপটি কী হয়, সেদিকেই নজর।












Click it and Unblock the Notifications