Budget 2025 Delhi Polls: বাজেটে আয়কর ছাড়ের ঘোষণা খেলা ঘোরাবে দিল্লির ভোটে? আশায় বিজেপি, শঙ্কায় আপ
Budget 2025 Delhi Elections: শনিবার কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের (Middle Class) জন্য বিরাট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত ঘোষণা করেছেন। অর্থাৎ মাসে যদি কেউ ১ লক্ষ টাকাও আয় করে, তাহলে তাকে ১ টাকাও কর দিতে হচ্ছে না।
কেন্দ্রের এই সিদ্ধান্তে মধ্যবিত্তরা তো উপকৃত হবেনই, সেইসঙ্গে মনে করা হচ্ছে, আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনেও (Delhi Assembly Election 2025) এর ব্যাপক প্রভাব পড়বে। ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তার চারদিন আগেই কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বিরাট ছাড়ের ঘোষণা। স্বাভাবিকভাবেই দিল্লির ভোটে বাজেটের প্রভাব ব্যাপকভাবে পড়বে বলে মত রাজনৈতিক মহলের।

গত ২৩ জানুয়ারিই আম আদমি পার্টির ইস্তেহারে কর ছাড়ের আবেদন জানান দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মধ্যবিত্তের ইস্তেহার বলে দাবি করেন কেজরি। তবে কেজরির প্রস্তাবের থেকেও বেশি করছাড়ের ঘোষণা নির্মলা সীতারামনের। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নিম্ন আয়ের মানুষদের জন্য উদ্যোগ নিয়েছে আপও। বিনামূল্যে বিদ্যুৎ, জল প্রদানের পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প নিয়েছে আপ।
গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে বিজেপিও (BJP)। গতবারের ভোট পরবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ভোটারদের মধ্যে আপের (AAP) থেকে বিজেপির যে দূরত্ব ছিল, তা ক্রমশ কমে এসেছে।
অর্থাৎ, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের একটা অংশ বিজেপির দিকে ঝুঁকেছে। ২০১৫ এর থেকে ২০২০-এর নির্বাচনে তা স্পষ্টতই ধরা পড়েছে। আর তাই ২০২৫ এর নির্বাচনেও এই ফ্যাক্টর উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মত রাজনৈতিক মহলের।
মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ভোটারদের মধ্যে আপ ও বিজেপিকে সমর্থনকারীদের সংখ্যায় মাত্র ৬ শতাংশের হেরফের রয়েছে। অর্থাৎ এই ৬ শতাংশ মানুষও যদি বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেন, তাহলে দিল্লির বিধানসভা নির্বাচনে আপের মসনদ দখল করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
যদিও ২০১৫-র নির্বাচনে জেতা ৩২টি আসন থেকে ২০২০-র ভোটে ৮টিতে নেমেছিল বিজেপির আসন সংখ্যা। তবে আয়কর ছাড়কে (Tax Rebate) হাতিয়ার করে দিল্লিতে মধ্যবিত্তের ভোট পাওয়ার লড়াই আরও তীব্র করল বিজেপি।
প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৭০ আসনের ভোটের ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। এক দশক ক্ষমতায় থাকার পরেও আপের সরকার দিল্লিবাসীর জন্যে কিছুই করেনি বলে অভিযোগ করে এসেছে বিজেপি।












Click it and Unblock the Notifications