Prakash Ambedkar: “বিজেপির পুরনো অভ্যাস,” অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা আম্বেদকরের নাতির
Prakash Ambedkar: সংসদে বি আর আম্বেদকরকে (BR Ambedkar) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহের মন্তব্যের কড়া নিন্দা জানালেন আম্বেদকরের নাতি (Grandson) প্রকাশ আম্বেদকরও। এটা বিজেপির (BJP) পুরোনো অভ্যেস, বিজেপি বরাবরাই আম্বেদকরের বিরোধী বলে মন্তব্য করলেন প্রকাশ আম্বেদকর।
মহারাষ্ট্রের বঞ্চিত বহুজন আঘাড়ি দলের সুপ্রিমো প্রকাশ আঘাড়ি। সংসদে অমিত শাহের বিতর্কিত মন্তব্য নিয়ে এদিন পুণেতে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তিনি। বলেন, "সংবিধান নিয়ে অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য প্রমাণ করে দিল যে বিজেপি বরাবরই আম্বেদকর বিরোধী। ওই মন্তব্যেই ওদের পুরোনো মান্ধাতা আমলের মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে।"

বাবা সাহেব আম্বেদকরের নাতি এদিন আরও বলেন, "বিজেপি আসার আগে ওদের পূর্বতন জন সংঘ ও আরএসএসও সংবিধান প্রণয়নের সময় বাবা সাহেবের বিরোধিতা করেছিল। এটা ওদের বরাবরের পুরোনো অভ্যেস। কংগ্রেস নয়, বরং বাবা সাহেব আম্বেদকরের জন্যেই ওরা ওদের ষড়যন্ত্র কায়েম করতে পারছে না। সেই হতাশা থেকেই এমন মন্তব্য।"
যতদিন আম্বেদকরের তৈরি সংবিধান থাকবে, ততদিন বিজেপি এরকম করবে বলেও তীব্র নিশানা প্রকাশ আম্বেদকরের। সংসদে অমিত শাহের মন্তব্যের কড়া নিন্দা করেছে বিরোধীরা। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এনিয়ে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদে সরব হয়েছেন। তাঁরই মাঝে আম্বেদকরের নাতিও শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন।
সংসদে ঠিক কী বলেছিলেন শাহ? সংবিধান নিয়ে বিতর্ক ভাষণে রাজ্যসভায় অমিত শাহ বলেছিলেন, "এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ভগবানের যদি এতবার নাম নিতেন তাহলে সাত জন্মের স্বর্গলাভ হত।" এরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। শাহের ইস্তফা ও ক্ষমা দাবি করেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে,জয়রাম রমেশরা।
যদিও নিজের মন্তব্যের হয়ে পাল্টা যুক্তি দিয়েছেন অমিত শাহ। কংগ্রেস ইচ্ছাকৃত তাঁর মন্তব্য বিকৃত করছে বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সংবাদমাধ্যমকে শাহ বলেন, "রাজ্যসভায় আমার বলা মন্তব্য বিকৃত করছে ওরা। মোদীজির মন্তব্যও কাটছাঁট করে ওরা। সংবাদমাধ্যমকে অনুরোধ, আমার সম্পূর্ণ বক্তব্য যাতে দেখানো হয়। আমার দল আম্বেদকরের দেখানো আদর্শই মেনে চলায় বিশ্বাসী।"












Click it and Unblock the Notifications