Vijender Gupta: চ্যাংদোলা করে বের করে দিয়েছিল আপ, দশক পেরিয়ে দিল্লি বিধানসভার 'স্পিকার' হয়ে জবাব বিজেন্দ্রর
Vijender Gupta: ঠিক ১০ বছরের ব্যবধান। ২০১৫ সালে দিল্লির বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়েছিল তাঁকে। দশক পেরিয়ে সেই বিধানসভারই স্পিকার (Speaker) নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা। ১০ বছর পর কক্ষে প্রত্যাবর্তন বিজেন্দ্রর। অধ্যক্ষ হিসেবে এবার থেকে দিল্লি বিধানসভার যাবতীয় পরিচালনার দায়ভার সামলাবেন তিনিই।
২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ১০ বছরের আপ (AAP) শাসনকে উৎখাত করে মসনদে বসেছে গেরুয়া শিবির। পাশা পাল্টে গিয়ে এ যেন নৈতিক বিচার পেলেন বিজেপির বিজেন্দ্র। আপের ঝাড়ু ঝড়ের মাঝেও বিধায়ক পদ টিকিয়ে রেখেছিলেন বিজেন্দ্র। ২০১৫ সালের পর ২০২০ সালেও জয়ী হয়েছিলেন তিনি।

আর এবারের বিধানসভা নির্বাচনেও (Delhi Assembly Election 2025) রোহিনী বিধানসভা আসন থেকে জিতে গিয়েছেন বিজেন্দ্র। প্রতিপক্ষ আপের প্রদীপ মিত্তলকে ৩৭ হাজার ভোটে পরাস্ত করেছেন বিজেন্দ্র। বানিয়া সম্প্রদায়ের মুখ হিসেবে পরিচিত এই বিধায়ক বিধানসভার বিরোধী দলনেতা থাকার আগে দিল্লি বিজেপির সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন।
ঠিক কী হয়েছিল ২০১৫ সালে?
চতুর্থ দিল্লি আর্থিক কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার দাবি তুলে বিধানসভায় জোর সওয়াল করেন তিন বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্ত, ওপি শর্মা ও জগদীশ প্রধান। ওয়েলে নেমে উচ্চস্বরে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা। এমন সময় বাজেট অধিবেশন যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য ওই তিন বিধায়ককে বিধানসভার কক্ষ থেকে বের করে দিতে নির্দেশ দেন স্পিকার রাম নিবাস গোয়ল।
তার আগের দিন বিধানসভা থেকে বলপূর্বক বের করে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়ক ওপি শর্মাকেও। তখন সদ্য নির্বাচিত আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল ওপি শর্মার বিরুদ্ধে। ঘটনাচক্রে ১০ বছর পর নির্বাচনে লজ্জার হারের পর সেই কেজরিওয়াল ও সেই রাম নিবাস, কেউই এখন ক্ষমতায় নেই। মানুষের ভোটে জিতে মসনদে ফিরলেন বিজেন্দ্র।
প্রথম ১৯৭৭ সালে ভোটে জয়ী হয়েছিলেন বিজেন্দ্র গুপ্ত। দিল্লির পুরভোটে জয় পেয়ে কাউন্সিলর হয়েছিলেন তিনি। যদিও ২০০৯ সালে চাঁদনি চক লোকসভা আসনে কংগ্রেসের কপিল সিব্বলের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। ২০১৩-তে দিল্লির বিধানসভা নির্বাচনেও অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত হয়েছিলেন বিজেন্দ্র। আর এবার ২০২৫ সালে জিতে স্পিকার পদে রাজকীয় প্রত্যাবর্তন বিজেন্দ্র গুপ্তর।












Click it and Unblock the Notifications