সঙ্কটকালে অক্সিজেন নিয়ে নোংরা রাজনীতির অভিযোগে বিদ্ধ কেজরি, তীব্র আক্রমণে বিজেপি
সঙ্কটকালে অক্সিজেন নিয়ে নোংরা রাজনীতির অভিযোগে বিদ্ধ কেজরি, তীব্র আক্রমণে বিজেপি
এপ্রিলের শুরু থেকে গোটা দেশে দ্বিতীয় পর্বের করোনা ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে একাধিক রাজ্যে শুরু হয় তীব্র অক্সিজেন সঙ্কট। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় দিল্লিতেও। এমনকী অন্যান্য রাজ্যের থেকে সাহায্য চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল দিল্লিকে পর্যাপ্ত অক্সিজেন দিচ্ছে না কেন্দ্র। কিন্তু বর্তমানে অডিট রিপোর্ট সামনে আসাতে কেজরি সরকারের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ।

১২ রাজ্যে তৈরি হয় সঙ্কট
অভিযোগ প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় অক্সিজেন দাবি করেছিল কেজরিওয়াল সরকার। অডিট রিপোর্টে বলা হয় দিল্লির প্রয়োজন ছিল ৩০০ মেট্রিকটন অক্সিজেন। কিন্তু সরকার চেয়েছিল ১২০০ মেট্রিকটন। যার ফলে জরুরি অবস্থার মধ্যে তীব্র অক্সিজেন সঙ্কট তৈরি হয় ১২ রাজ্যে। এবার তা নিয়ে কেজরি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি।

চাঁচাছোলা আক্রমণে সম্বিত পাত্র
এই প্রসঙ্গে বলতে গিয়ে একটি সাংবাদিক সম্মেলনে দিল্লির আপ সরকারের বিরুদ্ধে চাঁচছোলা আক্রমণ শানিয়ে বিজেপির তরফে সম্বিত পাত্র বলেন, " এটা বিশ্বাস করাই কষ্টকর যে সঙ্কটের সময় অক্সিজেন নিয়ে রাজনীতি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অথচ সেই সময় গোটা দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। এটা খুবই সংকীর্ণ রাজনীতি। অক্সিজেন অডিট কমিটির তরফে যে রিপোর্ট সামনে এসেছে তাতে সকলেই বিস্মিত হচ্ছেন।"

কী বলছে ১২ সদস্যের জাতীয় টাস্কফোর্স ?
প্রসঙ্গত উল্লেখ্য, দেশে মেডিক্যাল অক্সিজেনের পর্যাপ্ত জোগান এবং বিতরণের জন্য ১২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছিল সুপ্রিম কোর্ট। তাদের জমা করা রিপোর্টেই দেখা যাচ্ছে তীব্র সঙ্কটের সময়েও দিল্লিতে দৈনিক ২৮৯ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন ছিল। তবে দিল্লি সরকার চাহিদা বাড়িয়ে প্রতিদিন ১১৪০ মেট্রিক টন অক্সিজেন চেয়েছিল।

বরাদ্দ কমেছিল অন্যান্য রাজ্যে
এদিকে মে মাস পর্যন্ত দিল্লির অক্সিজেন সঙ্কট নিয়ে কেন্দ্র-কেজরি সংঘাত চরমে ওঠে। এমনকী জল গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে দিল্লির জন্য অক্সিজেন বরাদ্দ বাড়াতে বাধ্য হয়েছিল কেন্দ্র। কিন্তু উল্টোদিকে যার ফলে অন্যান্য রাজ্যে স্বাভাবিক নিয়মেই কমেছিল বারাদ্দ। কিন্তু বর্তমানে সেই অক্সিজেন নিয়েই কেজরি সরকারের বিরুদ্ধে নোংরা-জঘন্য রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। যা নিয়ে ফের সরগরম রাজধানীর রাজ্য-রাজনীতি।












Click it and Unblock the Notifications