বিষ্ণুপুরের অতিরিক্ত এসপির সিসিটিভি ক্যামেরা সরানো, ইভিএম বদলের চেষ্টা! দাবি অমিত মালব্যর
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট মিটে গিয়েছে ২৫ মে শনিবার। বিষ্ণুপুরের অতিরিক্ত এসপি এবং আইসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল সোমবার। আর এই অভিযোগ করলেন বাংলায় বিজেপির কো - ইনচার্জ অমিত মালব্য।
বিষ্ণুপুরের অতিরিক্ত এসপি এবং আইসি না কি ইভিএম মেশিন বদলের চেষ্টা করছিলেন? সেই সময় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ উপস্থিত হন। দুই পুলিশ আধিকারিককে হাতেনাতে ধরে ফেলেন সৌমিত্র।

সিসিটিভি সরিয়ে ইভিএম মেশিন বদলের পরিকল্পনা ছিল দুই পুলিশ আধিকারিকের। এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন অমিতা মালব্য। সেখানে দুটি ভিডিও-ও পোস্ট করেছেন লেখার সঙ্গে। একটি ভিডিওয় সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে৷ সেখানে তিন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে।
অমিত মালব্য লিখেছেন, বিষ্ণুপুরের অতিরিক্ত এসপি এবং আইসিকে সিসিটিভি খোলা ও ইভিএম বদলের চেষ্টা করতে দেখা গিয়েছে৷ সেই সময় সৌমিত্র খাঁ সেখানে উপস্থিত হন। তাদের ধরে ফেলেন। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে হেরে যাচ্ছেন। তাই এই অনৈতিক উপায় অবলম্বন করছেন। টুইটে দাবি করেছেন অমিত মালব্য। নির্বাচন কমিশনকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন। ২৫ মে এই কেন্দ্রে ভোট ছিল। বিজেপির সৌমিত্র খাঁ ও তৃণমূলের সুজাতা মন্ডল, দুই প্রাক্তনের ভোটের লড়াই দেখেছে বিষ্ণুপুর।
ওই দিন ভোট চলাকালীন ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুলেছিল তৃণমূল। বাঁকুড়ার রঘুনাথপুর কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। ইভিএম মেশিনে বিজেপির ট্যাগ ছিল৷
তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, অমন পাঁচটি মেশিন পাওয়া যায়। নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি জানানো হয়৷ বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল৷












Click it and Unblock the Notifications