পাখির চোখ বিধানসভা নির্বাচন, 'হিন্দু সেনা পার্টি' গঠন করলেন 'বিহারের সিংঘম'!
চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাজনৈতিক নেতা মন্ত্রীরা। প্রাক্তন আইপিএস অফিসার শিবদীপ ল্যান্ডে (Shivdeep Lande) মঙ্গলবার 'হিন্দু সেনা পার্টি' ('Hindu Sena Party') নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেন। তিনি জানান, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে (Upcoming Assembly Elections in Bihar) প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর এই দল।
গত কয়েকদিন আগেই ভারতীয় পুলিশ সার্ভিস থেকে পদত্যাগ করেন শিবদীপ ল্যান্ডে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি দল গঠনের এই ঘোষণা করেন। শিবদীপ ওয়ামনরাও ল্যান্ডে (Shivdeep Wamanrao Lande), যিনি শিবদীপ ল্যান্ডে নামে পরিচিত, একজন প্রাক্তন ভারতীয় পুলিশ সুপার (IPS) যিনি বিহার ক্যাডারে ছিলেন। ২০০৬ ব্যাচের একজন আইপিএস অফিসার ছিলেন। তিনি ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে পদত্যাগ করেন। তাঁর কাজকর্মের ভিত্তিতে তাঁকে 'বিহারের সিংঘম' উপাধিতে ভূষিত করা হয়।

এদিন তিনি বলেন, মহারাষ্ট্রে তাঁর শিকড় থাকা সত্ত্বেও বিহারকে তাঁর 'কর্মভূমি' বলে মনে করেন। ৪৯ বছর বয়সী প্রাক্তন আইপিএস অফিসার হলেন শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিজয় শিবতারের জামাতা।
সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আইপিএস থাকাকালীন আমি জনগণের সেবা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, তখন আমি সর্বভারতীয় পরিষেবা আচরণ বিধি দ্বারা আবদ্ধ ছিলাম। আমি আমার সীমাবদ্ধতাগুলি বুঝতে পেরেছিলাম যখন, সর্বোত্তম উদ্দেশ্য থাকা সত্ত্বেও, পুলিশের আওতার বাইরের বিষয়ে জনসাধারণকে সাহায্য করতে পারিনি।"
সদ্যজাত সংগঠনটি "১০০ শতাংশ" বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জোর দিয়ে শিবদীপ ল্যান্ডে জানান। কিন্তু তাঁর নিজের নির্বাচনী লড়াইয়ে প্রবেশের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি সরাসরি এড়িয়ে যান।
তিনি আরও জানিয়েছেন, "আমরা বর্তমানে সংগঠন গড়ে তোলার দিকে মনোনিবেশ করছি। আপনি হিন্দ সেনা পার্টির সমস্ত প্রার্থীকে শিবদীপ ল্যান্ডের পক্ষে লড়ছেন বলে বিবেচনা করতে পারেন।" তাঁর দাবি, "ক্ষমতা উপভোগ করার জন্য আমি কোনও শর্টকাট খুঁজছি না। পদত্যাগের পর, একটি প্রতিষ্ঠিত দল আমাকে রাজ্যসভার টিকিটের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি আমার নিজস্ব আদর্শ অনুসরণ করছিলাম। আমি বিহার জুড়ে ভ্রমণ করে বুঝতে পেরেছিলাম যে রাজনৈতিক বিকল্পের সুযোগ রয়েছে।"
প্রসঙ্গত, পাটনা সিটি এসপি হিসেবে দায়িত্ব পালন করার সময় লান্ডে খ্যাতি অর্জন করেন। রাজ্যের রাজধানীর স্কুল, কলেজ বা কোচিং ইনস্টিটিউটে পড়ুয়া মেয়েদের হয়রানিকারীদের বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নেন। এছাড়াও মুঙ্গের, রোহতাস, আরারিয়া এবং পূর্ণিয়ার এসপি হিসেবে তাঁর কার্যকালও কোনও না কোনও কারণে আলোচনায় ছিল।












Click it and Unblock the Notifications