বিহারের ভিআইপি পার্টির প্রধান মুকেশ সাহানির বাবার ক্ষতবিক্ষত দেহ মিলল বাড়িতেই
বিহারের প্রাক্তন মন্ত্রীর বাবা খুন। ৭০ বছরের প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার হল৷ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিকাশশীল ইনসান পার্টি ( ভিআইপি) পার্টির প্রধান মুকেশ সাহানি৷ তিনি বিহারের প্রাক্তন মন্ত্রীও৷
মুকেশ সাহানির বাবা জিতেন সাহানি খুন হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা সামনে এসেছে। বিহারের দ্বারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়িতে জিতেন থাকতেন। ওই বাড়িতেই মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

মুকেশ সাহানি যথেষ্ট প্রভাবশালী রাজনৈতিক নেতা। ভিআইপি পার্টির প্রধান তিনি। তাঁর রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের শরিক। বিহারে আরজেডি ও কংগ্রেসের সঙ্গেও জোটে আছেন তিনি। তাঁর বাবাকে খুন করা হল? তাও আবার বাড়ির মধ্যে? এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা।
প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, সুপল বাজারের ওই বাড়িটি মুকেশ সাহানির পৈতৃক সম্পত্তি। সেখানে জিতেন সাহানি থাকতেন। আজ মঙ্গলবার সকালে রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায় বাড়ির ভিতরে। পুলিশ তদন্তে যায়। শরীরের একাধিক জায়গা ক্ষতবিক্ষত। এটি খুনের ঘটনা প্রাথমিকভাবে এই কথা বলছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই এই খুনের তদন্তের জন্য তিন সদস্যের সিট গঠন করেছে বিহার পুলিশ। ব্যক্তিগত শত্রুতা, না কি অন্য কোনও কারণ? খোঁজখবর শুরু হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে দেখা হবে। দ্বারভাঙার সিনিয়র পুলিশ সুপার জগন্নাথ রেড্ডি এই তথ্য দিয়েছেন।
প্রাক্তন মন্ত্রীর বাবাকে কেন মারা হবে? এর সঙ্গে কি কোনও রাজনৈতিক প্রতিহিংসা জড়িয়ে আছে? সেই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে। মুকেশ সাহানি কয়েক দিন ধরে মুম্বইতে ছিলেন। এই দু:সংবাদ তাঁকে দেওয়া হয়। তিনি দ্রুত বাড়ি ফিরছেন।












Click it and Unblock the Notifications