বিহারে ট্রেন দুর্ঘটনা, বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ৪ জন নিহত, বহু আহত
বিহারের পূর্ণিয়ায় শুক্রবার ভোর ৫ টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে জিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি, যা জোগবানি থেকে পাটলিপুত্র পর্যন্ত চলাচল করে, দুর্ঘটনার সময় শহরের কাছাকাছি দিয়ে যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।এটি রেল ক্রসিং কর্মীর অবহেলার ফল নাকি তারা ট্রেনের অধিক গতিকে অবজ্ঞা করে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিল, তা জানা যায়নি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় কিছু যুবক দুর্গা পুজোর মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন। ঠিক সেইসময়ই তাদের মধ্যে তিনজনকে দ্রুতগতির ট্রেন ধাক্কা দেয়, ঘটনাস্থলেই ৩ জন মারা যান। অপর একজন জিএমসিএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
রেল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে পাশাপাশি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।












Click it and Unblock the Notifications