বেঙ্গালুরু পেল মরশুমের প্রথম বৃষ্টির স্বাদ, আর তার সাথেই সাক্ষী রহস্যজনক ফেনার, দেখুন সেই ছবি
শনিবার বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাতের পর, শহরের রাস্তাগুলোয় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। নিমহন্স ডেয়ারি সার্কেল এলাকার রাস্তাগুলি হঠাৎই ঘন, তুষার-সদৃশ সাদা ফেনায় ঢেকে যায়, যা পথচারী ও গাড়ি চালকদের মধ্যে বিস্ময় ও কৌতূহলের সৃষ্টি করে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাস্তায় চলা একাধিক গাড়ি এই ফেনার মধ্য দিয়ে পথ তৈরি করছে, যেন তারা বরফাচ্ছন্ন কোনো রাস্তা পার করছে। এই ভিডিও প্রথম ইনস্টাগ্রামে শেয়ার করেন মিলান নামে এক ব্যবহারকারী। যিনি মজা করে ক্যাপশনে লেখেন, "কেউ কি জানেন কী হচ্ছে? অপ্রত্যাশিত গ্রীষ্মের বৃষ্টির পর বেঙ্গালুরুর রাস্তাগুলি সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে"।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, অনেকে এই রহস্যময় ফেনার সম্ভাব্য কারণ নিয়ে মন্তব্য করতে থাকেন। কেউ কেউ একে "মানালি বেঙ্গালুরু প্রকল্পের কৃত্রিম তুষারপাত" বলে মজা করেছেন, আবার কেউ বলেছেন, "কেউ হয়তো বাড়ি ফেরার সময় সার্ফ এক্সেল ফেলে দিয়েছে!"
তবে কিছু ব্যবহারকারী বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, "এটি রীথা গাছ থেকে পড়ে যাওয়া ছাপের কারণে হয়। যখন বৃষ্টির জল এর উপর পড়ে এবং গাড়ির চাকার ঘর্ষণের ফলে এটি ফেনার মতো দেখায়। এগুলো শ্যাম্পু ও সাবান তৈরিতে ব্যবহৃত হয়"।
অন্য একজন মন্তব্য করেছেন, "প্রথম বৃষ্টির পর এই ফুলগুলো জলের সংস্পর্শে এসে রাস্তার উপর ফেনার সৃষ্টি করে। তবে দুই চাকার গাড়ির জন্য এটি বেশ বিপজ্জনক, কারণ রাস্তাগুলো তখন পিচ্ছিল হয়ে যায়"। ফলে এই রাস্তায় গাড়ি চালানোও যে বিপদের, তেমনটা উল্লেখ করেছেন অনেকেই।
প্রকৃতপক্ষে কেন এই ফেনা?
বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে, বেঙ্গালুরুর রাস্তায় এই ফেনা আসলে প্রকৃতিতে পাওয়া কিছু গাছপালা ও রাস্তার ধূলিকণার কারণে তৈরি হয়। বিশেষ করে রীথা গাছ এবং এর ফল বৃষ্টির জলে মিশে ফেনার সৃষ্টি করতে পারে। এছাড়াও, রাস্তার গাড়ির তেল ও রাসায়নিক পদার্থও এ ধরনের প্রক্রিয়া ঘটাতে পারে।
যদিও এটি এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে, বিশেষজ্ঞরা মনে করছেন এটি পরিবেশগতভাবে ক্ষতিকারক নয়। তবে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে যাওয়ায় পথচারীদের সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications