প্রজাতন্ত্র দিবসের আগে আতঙ্ক, আহমেদাবাদ ও নয়ডার একাধিক বিদ্যালয়ে বোমার হুমকি, তদন্তে পুলিশ
প্রজাতন্ত্র দিবসের আগে স্কুলপড়ুয়া ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আহমেদাবাদ ও নয়ডায়। শুক্রবার সকালে শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি পৌঁছায়। তথ্য পেয়ে দ্রুত নড়েচড়ে বসে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব স্কোয়াড ও ফরেনসিক টিম তদন্ত শুরু করে। সূত্রের খবর, তদন্ত এখনও চলমান।
অন্যদিকে, নয়ডার শিব নাদার স্কুলেও একই ধরনের হুমকির ইমেল আসে। হুমকির কথাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতামূলক সিদ্ধান্ত নেয় শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) স্কুল বন্ধ রাখা হয়। অভিভাবকদের উদ্দেশে পাঠানো বার্তায় জানানো হয়, "সকালে ইমেলের মাধ্যমে বোমা হুমকি পাওয়া গেছে। নিরাপত্তা পরিদর্শনের স্বার্থে আজ স্কুল বন্ধ থাকবে।"

স্কুল বাসগুলো ফেরত পাঠানো হয় ও অভিভাবকদের সন্তানদের নির্দিষ্ট ড্রপ পয়েন্ট থেকে গ্রহণের অনুরোধ জানানো হয়।
শুধু শিব নাদার স্কুল নয়, হুমকি ও সতর্কতার জেরে নয়ডার আরও দুটি স্কুল বাল ভারতী স্কুল ও কেমব্রিজ স্কুলও শুক্রবার বন্ধ ঘোষণা করে। কেমব্রিজ স্কুলে হুমকি পৌঁছানোর পর দ্রুত অভিভাবকদের ডেকে নিয়ে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠানো হয়। অন্যদিকে বাল ভারতী স্কুলে উচ্চ সতর্কতা জারি হলেও কেজি ও প্রি প্রাইমারি বিভাগের ক্লাস বন্ধ রাখা হয়। তবে ১ থেকে ১২ শ্রেণির ছাত্ররা তখনো স্কুলের ভেতরেই থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হয় অভিভাবকদের মধ্যে। কর্তৃপক্ষ এখনও ওই শাখাগুলির ছুটি সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।
ঘটনার পর নয়ডা পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, একাধিক প্রাইভেট স্কুলে হুমকির ইমেল পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন থানার অফিসার, বোম্ব স্কোয়াড, ফায়ার ব্রিগেড, কুকুর বাহিনী ও বিডিডিএস টিম মোতায়েন করা হয়। পাশাপাশি সাইবার সেল ইমেলগুলোর কারিগরি বিশ্লেষণ করছে।
প্রজাতন্ত্র দিবসের আগে এমন হুমকি জেরে নিরাপত্তা আরও আঁটসাঁট হচ্ছে বলে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications