ভোটের আগে বড় ধাক্কা, উত্তরপ্রদেশে ফের দলত্যাগী মন্ত্রী
ভোটের আগে বড় ধাক্কা, উত্তরপ্রদেশে ফের দলত্যাগী মন্ত্রী
উত্তরপ্রদেশে সামনেই নির্বাচন। তার আগে হঠাৎই যেন টলমল করছে যোগীর শাসন। হঠাৎ করেই একের এক মন্ত্রী দল ছাড়তে শুরু করেছেন। আজ ফের দল ত্যাগ করলেন উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী।

এবার দল ছাড়লেন মন্ত্রী দারা সিংহ চৌহান। আচমকাই তিনি দলকে তাঁর ইস্তফা পত্র ধরিয়ে দিয়েছেন। তিনি মউ জেলার মধুবন আসনের বিধায়ক। কেন তিনি দল ছাড়লেন? চিঠিতে তিনি রাজ্যপালকে জানিয়েছেন, যোগী আদিত্যনাথের সরকার দলিত, অনগ্রসর ও যুবকদের উপেক্ষা করেই চলেছে। কোনওভাবেই তাদের দিকে নজর দেওয়া হচ্ছে না। এই জিনিস তিনি দলে থেকে সহ্য করতে পারছেন না। তাই তিনি দল ত্যাগ করলেন।
দারা সিংহ চৌহান আরও বলেছেন যে, 'মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় পরিবেশ ও পশু উদ্যান মন্ত্রী হিসেবে পরিপূর্ণ মনোযোগ সহকারে নিজের দফতরের কাজ করেছি। কিন্তু সরকার দলিত, বঞ্চিত, কৃষক ও কর্মসংস্থানহীন তরুণদের প্রতি ঘোরতর উপেক্ষার রাজনীতি চালিয়ে যাচ্ছে। অনগ্রসর ও দলিতদের সঙ্গে সংরক্ষণ নিয়ে খেলা করছে। সরকারের এই মনোভাবেই হতাশ। তাই আমি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিচ্ছি।'
ভোটের আগে এমন বড় নেতা দলত্যাগ করায় বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। তাঁর ইস্তফা পেয়েই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা কেশব প্রসাদ মৌর্য তাঁকে সিদ্ধান্ত পুণর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, 'পরিবারের কেউ ভুল পথে গেলে দুঃখ তো হয়েই। তাঁকে আমার আর্জি যে, ডুবন্ত নৌকায় উঠলে লোকসানই হবে। দারা সিংহজী আপনি আপনার সিদ্ধান্ত পুণর্বিবেচনা করুন।'
এর আগে মঙ্গলবার দল ছেড়েছিলেন চার জন। ওই তালিকায় ছিলেন একজন মন্ত্ৰী এবং তিনজন বিধায়ক। দল ছাড়েন বিধায়ক রোশনলাল শর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর। সাংসদ স্বামীপ্রসাদের বিজেপি ত্যাগের পরই ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানান সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের কাছে জমা দেওয়া ইস্তফাপত্রে স্বামীপ্রসাদ লেখেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে আমি রাজ্যে শ্রম ও জনকল্যাণমন্ত্রী হিসেবে কাজ করেছি। মন্ত্রী পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। কারণ, এই সরকার সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জন্য কাজ করে না।












Click it and Unblock the Notifications