পাহাড়ের ওপর থেকে ভেঙে পড়ছে হিমবাহ! কেদারনাথে আবারও দম বন্ধ করা পরিস্থিতি, ভিডিও ভাইরাল
কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড় থেকে আবার ভেঙে পড়ল হিমবাহ। রবিবারের এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, এদিন ভোর ৫.০৬-এ গান্ধী সরোবরের ওপরে পাহাড় থেকে হিমবাহ ভেঙে পড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ চলে সেই প্রক্রিয়া।
হিমবাহ ভেঙে পড়ার সেই ছবি দেখে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। ভেঙে পড়া হিমবাহ প্রবল বেগে নিচের দিকে নেমে আসে এবং গভীর খাদে গিয়ে পড়ে। যদিও পরবর্তী সময়ে কিছুটা স্বস্তি যফিরে আসে। ভূতত্ত্ববিদরা বলছেন হিমালয় অঞ্চলে এইধরনের ঘটনা স্বাভাবিক।

গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের এক কর্মচারী গোপাল সিং বলেছেন, ভয় দেখা দিলেও পাঁচ মিনিট ধরে সাদা ধোঁয়ার মতো বরফ দেখতে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তিনিই জানিয়েছেন, গত ৮ জুন চোরাবাড়ি হিমবাহে তুষারধস নেমেছিল। এছাড়া ২০২২-এর সেপ্টেম্বর এবং অক্টোবরে তিনটি তুষারধসের ঘটনা ঘটেছিল।
কেদারনাথের সেক্টর অফিসার বলেছেন, সেখানে মাঝে-মধ্যেই হিমবাহ ধসে পড়ার ঘটনা ঘটছে। সেইরকমই এদিন ভোর পাঁচটা নাগাদ কেদারনাথ ধামের পিছনে হিমবাহ ভেঙে পড়ে। পাহাড়ের ওপর থেকে হিমবাহ অনেকটাই নেমে আসে। স্থানীয়ভাবে তুষারের ধোঁয়াও দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই হিমবাহ ধসে পড়ার ঘটনা নতুন কিছু নয়। সময়ে সময়ে এমন ঘটনা ঘটে থাকে। প্রশাসনিক আধিকারিকদের মতে এদিন সকালে গান্ধী সরোবরের ওপরে পাহাড়ে হিমবাহ ধসে পড়ার একটি ঘটনা ঘটে। সেখানে এদিন এই তুষারধসের ঘটনা ঘটলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাঁর দাবি এই ধরনের তুষারধসে কোনও ক্ষতি হয় না।
প্রসঙ্গত, ২০১৩ সালে কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যা হয়। সেই সময় কেদারনাথের প্রায় সবকিছুই ধ্বংস হয়ে যায়। ধীরে ধীরে সবকিছুর মেরামতির পরে আপাতত পরিস্থিতি স্বাভাবিক। তবে সেই অবস্থাতেও পাহাড় থেকে যদি তুষার ধস কিংবা হিমবাহ ধসে পড়ার মতো ঘটনা ঘটে, তা দেখে সাধারণ মানুষের মধ্যে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়।












Click it and Unblock the Notifications