হেফাজতে গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাইকে হত্যা! উত্তর প্রদেশে বরখাস্ত ৫ পুলিশ অফিসার
সাংবাদিক পরিচয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রাক্তন সাংসদ তথা গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাইকে হত্যার ঘটনায় উত্তর প্রদেশ সরকার পাঁচ পুলিশ আধিকারিককে বরখাস্ত করেছে। এঁরা সবাই শাহগঞ্জ থানায় কর্মরত ছিলেন। শনিবার পুলিশের গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যে ঘটনা ঘটে তা এই শাহগঞ্জ থানার অধীনেই পড়ে।
যাঁদেরকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে সিনিয়র পুলিশ অফিসার অশ্বিনী কুমার সিং, দুই ইনস্পেক্টর এবং দুই কনস্টেবল। অন্যদিকে এই হত্যাকাণ্ডে পরে গঠিত বিশেষ তদন্তকারী দল বরখাস্ত হওয়া পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ অপরাধের এই দৃশ্য পুনরায় তৈরি করবে।

ষোলোই এপ্রিল রাতে উমেশ পাল হত্যায় অভিযুক্ত আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে তিনজন হত্যা করে। যে সময় গুলি করে হত্যা করা হয়, সেই সময় পুলিশি ঘেরাটোপে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক আহমেদ।
পুলিশ সেই সময়ই তিন শ্যুটার বান্দার লাভলেশ তিওয়ারি, কাসগঞ্জের অরুণ মৌর্য এবং হামিরপুরের সানি সিংকে গ্রেফতার করে। বুধবার এই তিনজনকে ২৩ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তিন শ্যুটার হত্যার পরে জয় শ্রীরাম স্লোগান দেয়।
পুলিশ হেফাজতে আতিক আহমেদ এবং তার ভাইয়ের হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি করে সুপ্রিম কোর্টে করা আবেদনের শুনানি হতে চলেছে ২৪ এপ্রিল। সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি এই আবেদনের শুনানি করবেন।

এদিকে এদিনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উমেশ পাল হত্যাকাণ্ডে অন্যতম দুই অভিযুক্ত আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিন এবং গুড্ডু মুসলিমকে গ্রেফতার করতে জরুরি বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। সেদিনই পাঁচ পুলিশ আধিকারিককে বরখাস্তের ঘটনা তাৎপর্যপূর্ণ।
মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি করেন। এই বৈঠকে উত্তর প্রদেশ পুলিশে এসটিএফ প্রধান অমিতাভ যশ, স্পেশাল ডিজিপি প্রশান্ত কুমার-সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনকে সহায়তা করার অভিযোগ পুলিশ এখনও পর্যন্ত ২০ জনের বেশি ব্যক্তিকে শনাক্ত করেছে।

প্রসঙ্গত উমেশ পাল হত্যাকাণ্ডের এফআইআরে যে দশজনের নাম রয়েছে, তাদের মধ্যে গুড্ডু মুসলিম অন্যতম। আবার এই দশজনের মধ্যে ছয়জনকে আগেই হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় জীবিত রয়েছেুন চারজন। শায়েস্তা পারভিন এবং গুড্ডু মুসলিমের শেষ অবস্থান জানার জন্য তৎপরতা চালাচ্ছে উত্তর প্রদেশ পুলিশ।












Click it and Unblock the Notifications