Assembly Elections 2024: লোকসভা নির্বাচনের সঙ্গেই চার রাজ্যে বিধানসভা ভোট, রইল পূর্ণাঙ্গ সূচি
Assembly Elections 2024: লোকসভা নির্বাচনের সঙ্গে চার রাজ্যে হবে বিধানসভার নির্বাচন। বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার উপ নির্বাচনও রয়েছে।
যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হবে সেগুলি হলো অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওডিশা ও সিকিম।

ওডিশায় চার দফায় হবে লোকসভা নির্বাচন। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা ক্ষেত্রগুলির বিধানসভা নির্বাচনও হবে একইসঙ্গে। ওডিশা বিধানসভার মেয়াদ ফুরাচ্ছে ২৪ জুন। ৪ জুন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। ওডিশায় রয়েছে ১৪৭টি বিধানসভা আসন।
ওডিশায় লোকসভা ও বিধানসভার ভোট হবে মে মাসের ১৩, ২০, ২৫ ও জুনের ১ তারিখ। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও সিকিমে লোকসভা ভোট হবে এক দফায়। ফলে এক দফাতেই সেখানে বিধানসভা নির্বাচন হবে। অন্ধ্রে বিধানসভা ভোট হবে ১৭৫টি আসনে।
অন্ধ্র বিধানসভার মেয়াদ ফুরাচ্ছে ১১ জুন। তার এক সপ্তাহ আগেই লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হবে। অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভার মেয়াদ ফুরাচ্ছে ২ জুন। অন্ধ্র, অরুণাচল ও সিকিমে লোকসভা ভোট ও বিধানসভা ভোট একইসঙ্গে হবে এপ্রিলের ১৯ তারিখ।
অরুণাচল বিধানসভায় ৬০টি আসন রয়েছে। সিকিমে রয়েছে ৩২ আসন। গত বিধানসভা নির্বাচনে অরুণাচলে বিজেপি ৪১টি, জেডি (ইউ) ৭টি, এনপিপি ৫টি, কংগ্রেস ৪টি, পিপিএ ১টি ও নির্দলরা ২টি আসনে জিতেছিল। ওডিশায় বিজেডি ক্ষমতায় রয়েছে। ২০১৯ সালের বিধানসভা ভোটে বিজেডি জিতেছিল ১১৩টি আসনে।
অন্ধ্রে ক্ষমতায় রয়েছে জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপি। সিকিমে ২০১৯ সালের বিধানসভা ভোটে ১৭টি আসনে জিতেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা। সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট পেয়েছিল ১৫টি আসন।












Click it and Unblock the Notifications