Assembly Elections Results 2023: বিজেপিকে তিন রাজ্যে জিতিয়েছে ইভিএম! চাঞ্চল্যকর দাবি কোন দলের?
Assembly Elections Results 2023: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনটিতে জিতেছে বিজেপি। মধ্যপ্রদেশে আসন বাড়িয়ে সরকার ধরে রেখেছে। সেই সঙ্গে রাজস্থান ও ছত্তিশগড়ে সরকার থেকে হঠিয়ে দিয়েছে কংগ্রেসকে।
বিজেপি যেখানে নরেন্দ্র মোদীর জন্যই এই জয় বলে দাবি করছে, কংগ্রেস তখন ভরাডুবির পর্যালোচনায়। যদিও তিন রাজ্যের রায়ে জনগণের রায় প্রতিফলিত হয়নি বলে দাবি করল উদ্ধব ঠাকরে-পন্থী শিবসেনা।

কংগ্রেস শুধু তেলেঙ্গানায় সরকার গড়ছে। বিজেপির তিন রাজ্যে জয় অপ্রত্যাশিত বলে দাবি করছেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, নির্বাচনের ফলাফল অপ্রত্যাশিত, অবাক করার মতোও বটে। কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাই। ভোটারদের রায় বিপক্ষে গেলে তা মেনে নেওয়াই স্বাভাবিক।
সঞ্জয় এরপরই বলেন, মধ্যপ্রদেশের ভোটের ফল যেমন একাধারে অবাক করার মতো, তেমনই শকিং। চারটির মধ্যে তিনটি বিধানসভা নির্বাচনের ফলকে ইভিএমের রায় বলেই মনে করা উচিত। এর বাইরে কিছু ভাবার অবকাশই নেই। অর্থাৎ সঞ্জয় রাউত দাবি করছেন, ইভিএমের কারসাজিতেই বাজিমাত করেছে বিজেপি।
আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে শিবসেনার একাংশ ইভিএম কারসাজির তত্ত্ব সামনে নিয়ে এসে ব্যালটে ভোট করানোর চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপির দিকে। সঞ্জয়ের দাবি, ব্যালটে ভোট করালে ফলাফল অন্যরকম হতো। রাজ্যসভার সাংসদ সঞ্জয় মনে করেন, ইভিএম সম্পর্কে নানা কারণে যাঁদের সংশয় রয়েছে সেগুলি বিবেচনা করা উচিত নির্বাচন কমিশনের।
ইভিএম নিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের মন্তব্যকে সমর্থন করে সঞ্জয় রাউত বলেন, ইভিএমে কারচুপি নিয়ে দিগ্বিজয় সিংয় সংশয় প্রকাশ করেছিলেন। ইভিএমের ভোটের ফলাফলও সন্দেহাতীত নয়। উল্লেখ্য, গতকালই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার বলেছিলেন, তিনি অবাক হবেন না যদি কেউ ভোটের ফল দেখে ইভিএম কারচুপির তত্ত্ব খাড়া করেন। বাস্তবে সেটাই করে বসলেন রাউত।












Click it and Unblock the Notifications