জাতীয় সংগীত ও ইতিহাসের আড়ালে কি আড়াল হচ্ছে দেশের আসল সমস্যা? সংসদে সরব প্রিয়াঙ্কা গান্ধী
লোকসভায় 'বন্দে মাতরম্' শীর্ষক বিশেষ আলোচনাকে কেন্দ্র করে তীব্র ভাষণে কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। জাতীয় সংগীত ও ইতিহাস নিয়ে বিতর্কের আড়ালে দেশবাসীর আসল সমস্যাগুলি চাপা পড়ছে এই অভিযোগ তুলে তিনি সরব হন সংসদের ভেতরেই।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, 'বন্দে মাতরম্' শুধু একটি গান নয়, এটি দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা স্বাধীনতার চেতনাকে ধারণ করে। এই জাতীয় সংগীতকে প্রশ্নের মুখে ফেলা মানে স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও সংবিধানের ওপর সরাসরি আঘাত।

নেহরু প্রসঙ্গে বারবার আক্রমণের জবাব দিতে গিয়ে কংগ্রেস নেত্রী বলেন, জওহরলাল নেহরু টানা প্রায় ১২ বছর কারাবন্দি ছিলেন যে সময়সীমার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকার মেয়াদের তুলনা টানেন তিনি। তাঁর বক্তব্য, নেহরুর প্রতিষ্ঠিত ইসরো না থাকলে মঙ্গলযানের স্বপ্ন সম্ভব হত না, এইমস গড়ে না উঠলে করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতিও সামলানো যেত না।
প্রিয়াঙ্কা আরও বলেন, কেন্দ্র যদি বারবার নেহরুকে নিয়ে আলোচনা করতেই চায়, তাহলে আলাদা করে সময় নির্ধারণ করে সমস্ত বিতর্ক সেরে নেওয়া হোক। "সব অভিযোগ করে আলোচনা শেষ করে দাও, একবারে অধ্যায় বন্ধ হোক," এভাবেই তাঁর আহ্বান।
এই বিতর্কের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংসদে 'বন্দে মাতরম্' বা নেহরু নিয়ে আলোচনা হওয়ার বদলে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের দুর্দশা নিয়ে কথা হওয়া জরুরি বলেই তাঁর দাবি। তাঁর কথায়, দেশের মানুষ সুখে নেই, নানান সমস্যায় জর্জরিত, অথচ সরকার সেদিকে নজর দিচ্ছে না।
বক্তৃতার শেষে প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র অভিযোগ এই পুরো বিতর্কের মাধ্যমে বাংলাকে কেন্দ্র করে আবেগ উস্কে দিয়ে মানুষের দৃষ্টি বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা থেকে সরিয়ে অতীতের দিকেই তাকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। তাঁর মতে, জাতীয় সঙ্গীত কোনও বিভাজনের উপকরণ হতে পারে না, সেটি দেশের ঐক্যের প্রতীক।












Click it and Unblock the Notifications