ফের এক অবিজেপি মুখ্যমন্ত্রীকে নিশানা! অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবিতে হুঁশিয়ারি বিজেপির
এবার আরও এক অবিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে পদত্যাগের দাবিতে সোচ্চার বিজেপি। পদত্যাগ না করলে রাজ্যপালকে দিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সদস্য বিএস ইয়েদুরিয়াপ্পা এদিন বলেছেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যদি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলে রাজ্যপাল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

মুডায় অনিয়মে জড়িত থাকার অভিযোগ
প্রসঙ্গত বিজেপি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি-র অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলেছে।
রাজ্যপাল শোকজ করেছেন
কর্নাটকের রাজ্যপাল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে শোকজ করেছেন। এব্যাপারে জবাব দিতে সিদ্দারামাইয়াকে দেওয়া সাতদিনের সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। তারই প্রেক্ষিতে এদিন ইয়েদুরিয়াপ্পার মন্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। ইয়েদুরিয়াপ্পা বলেছেন কর্নাটক লোকাযুক্তে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একটি অভিযোগ দায়ের করেছে।
স্বেচ্ছায় পদত্যাগপত্র জমার আহ্বান
তিনি আরও বলেছেন, যদি মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন, তাহলে ভাল হবে। এব্যাপারে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন।
বিজেপির কর্মসূচি থেকে হুঁশিয়ারি
বিজেপি ও জেডিএস কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে কর্মসূচির ডাক দিয়েছে। সেরকমই একটি কর্মসূচি ছিল এদিন। মাইসুরু চলো পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইয়েদুরিয়াপ্পা বলেন, এটা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জন্য একটি চূড়ান্ত সুযোগ, যদি তিনি নৈতিক দায়িত্ব গ্রহণ করেন এবং পদত্যাগ করেন। আর পদত্যাগ না করলে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ইয়েদুরিয়াপ্পা বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে আট থেকে দস হাজার দলীয় কর্মী এই পদযাত্রায় যোগ দিচ্ছেন।
উল্লেখ করা যেতে পারে, এই বছরের শুরুর দিকে দুর্নীতির নির্দিষ্ট অভিযোগে জেলে যেতে হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়াল এখনও জেলে থাকলেও হেমন্ত সোরেন জের থেকে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন।












Click it and Unblock the Notifications