থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয়
প্রায় এক মাস ধরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা থামার কোনও নামই নেই। লাগাতার হামলা এবং পাল্টা হামলার কারণে অনেক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই সংঘাতের কারণে সাধারণ মানুষের প্রাণহানিও ক্রমশ বেড়েই চলছে। এই বার সেই যুদ্ধের বলি হলেন আরও এক ভারতীয় নাগরিক।

সম্প্রতি আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার সময় মাঝ আকাশে প্রতিরোধের ফলে ধ্বংসাবশেষ নিচে এসে পড়ে। আর সেই ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু হয় দুই জনের। স্থানীয় প্রশাসনের দাবি অনুসারে, মৃতদের মধ্যে একজন ভারতীয় এবং অন্য আরেকজন পাকিস্তানের নাগরিক ছিলেন।
আবুধাবিতে ভারতীয় দূতাবাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে, যে ভারতীয়র মৃত্যু হয়েছে তাঁর পরিবারকে সমস্তরকমের সাহায্য দেওয়া হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরশাহীর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হয়েছে।
ঘটনাটি ঘটার পর জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় হতাহতদের পরিচয় প্রকাশ করে। জানা গিয়েছে যে, এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, আর তাঁদের মধ্যেও একজন ভারতীয় রয়েছেন। এখনও পর্যন্ত সব মিলিয়ে এই সংঘাতের কারণে ৭ জন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে খবর। আর সংযুক্ত আরব আমিরশাহীতে মোট মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১১-জনে। মৃতদের মধ্যে সেদেশের সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। পাশাপাশি, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ এবং প্যালেস্টাইনের নাগরিকদেরও মৃত্যু হয়েছে।
প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে যে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে। তবুও এই সংঘাত যে ভয়াবহ আকার নিচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়ে চলেছে।












Click it and Unblock the Notifications