বিহারে ভেঙে পড়ল আরও একটি সেতু, ১৫ দিনে পর পর সাতটি ঘটনা
আরও একটি সেতু ভেঙে পড়ল বিহারে। সিওয়ান জেলার গন্ডকি নদীর উপর সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। গত ১৫ দিনে এই নিয়ে সাতটি সেতু বিহারে ভেঙে পড়ল। পর পর সেতু ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিহারে।
সিওয়ান জেলার দেওরিয়া ব্লকে নদীর উপর ছোট এই সেতুটি ছিল। মহরাজগঞ্জের সঙ্গে বেশ কয়েকটি গ্রামকে সংযুক্ত করে এই সেতু। সেটি ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় সমস্যায় দেখা দিয়েছে। এই খবর লেখা পর্যন্ত
কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত ১১ দিনে সিওয়ানে সেতু ভেঙে পড়ার এটি দ্বিতীয় ঘটনা।

এলাকার ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার মুকেশ কুমার বলেন, সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। ব্লকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার কারণ খোঁজার কাজ শুরু হয়েছে। দেওরিয়া ব্লকের একটি সেতুর একটি অংশ বুধবার সকালে ধসে পড়েছে। ব্লকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। এমনই জানিয়েছেন মুকেশ কুমার।
ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেতুটি ১৯৮২ - ৮৩ সালে তৈরি হয়েছিল। গত কয়েকদিন ধরে সেতুটি মেরামতির কাজ চলছিল। এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। সে কারণেও ধস নামতে পারে। নদীতেও জলের ভালো স্রোত রয়েছে। সেই কারণে সেতুর কাঠামো দুর্বল হয়ে যেতে পারে। স্থানীয়রা এমন কথা মনে করছে।
এই ঘটনার মাত্র ১১ দিন আগে সিওয়ানে আরেকটি সেতু ধসে যায়। বিহারের পরিকাঠামোর অবস্থা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রসঙ্গও সামনে আসছে। গত ২২ জুন দারুন্ডা এলাকায় ওই সেতুর একটি অংশ ভেঙে পড়ে।
সম্প্রতি মধুবনি, আরারিয়া, পূর্ব চম্পারন এবং কিষাণগঞ্জ জেলাতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছে। বিহার সরকার এই সব ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে।












Click it and Unblock the Notifications