মহাত্মা গান্ধীর আদর্শে আঘাত? এমজিএনআরইজিএ বদলের উদ্যোগে কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
মহাত্মা গান্ধীর আদর্শকে অবমাননার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গ্রামীণ কর্মসংস্থানের মেরুদণ্ড হিসেবে পরিচিত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বাতিল করে নতুন বিল আনার পরিকল্পনাকে তিনি সরাসরি 'গান্ধীবিরোধী' বলে আখ্যা দিয়েছেন।
মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে দীর্ঘ পোস্টে রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি বিষয়ের প্রতি গভীর অনীহা রয়েছে এক, মহাত্মা গান্ধীর চিন্তাধারা ও দুই, গরিব মানুষের অধিকার। তাঁর অভিযোগ, এই কারণেই গত এক দশক ধরে এমজিএনআরইজিএ কে দুর্বল করার ধারাবাহিক চেষ্টা চালানো হয়েছে ও এবার একেবারে মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাহুলের কথায়, এমজিএনআরইজিএ শুধুমাত্র একটি কর্মসংস্থান প্রকল্প নয়, এটি গ্রাম স্বরাজের গান্ধীবাদী ভাবনার বাস্তব রূপ। প্রতি বছর গ্রামীণ পরিবারগুলিকে ১০০ দিনের আইনি কাজের নিশ্চয়তা দেওয়া এই প্রকল্প কোটি কোটি মানুষের জীবিকার ভরসা হয়ে উঠেছে। বিশেষ করে করোনা অতিমারির সময় এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে দাবি তাঁর।
বিরোধী দলনেতার অভিযোগ, নতুন বিলের মাধ্যমে
এমজিএনআরইজিএ কেন্দ্রীয় নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত করতে চাইছে সরকার। বাজেট, নীতি ও নিয়ম সবকিছুই কেন্দ্র ঠিক করবে, রাজ্যগুলিকে বহন করতে হবে ৪০ শতাংশ খরচ। এমনকি তহবিল শেষ হয়ে গেলে বা ফসল কাটার মরশুমে শ্রমিকদের মাসের পর মাস কাজ থেকে বঞ্চিত করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এমজিএনআরইজিএ এর পরিবর্তে 'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীন)' বা ভিবি জি আরএএম বিল, ২০২৫ আনতে চলেছে। প্রস্তাবিত প্রকল্পে বছরে ১২৫ দিনের কাজের প্রতিশ্রুতি থাকলেও অর্থ বরাদ্দ হবে কেন্দ্র ও রাজ্যকে ৬০:৪০ অনুপাতে। বিলটি পাশ হলে ২০০৫ সালের মনরেগা আইন সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে।
রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন, এই 'জনবিরোধী বিল' এর বিরুদ্ধে কংগ্রেস ও বিরোধীরা রাজপথ থেকে সংসদ সব জায়গাতেই আন্দোলনে নামবে। তাঁর কথায়, দেশের যুবসমাজকে বেকারত্বের অন্ধকারে ঠেলে দেওয়ার পর এবার গ্রামীণ গরিব মানুষের নিশ্চিত জীবিকাকেও নিশানা করছে মোদী সরকার।
প্রসঙ্গত, ২০০৫ সালে ইউপিএ সরকারের আমলেই জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু হয়। পরে ২০০৯ সালের ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিনে এর নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা এমজিএনআরইজিএ।












Click it and Unblock the Notifications