সিয়াচেন হিমবাহে অগ্নিকাণ্ড! সেনা অফিসারের মৃত্যু, আহত তিন সেনা হাসপাতালে
সিয়াচেন হিমবাহে এক অগ্নিকাণ্ডের ঘটনায় সেনা অফিসারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩ সৈন্যও। বুধবার ভোরে সিয়াচেন হিমবাহে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আহত সেনাদের নিরাপদ্ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের লখনউয়ের ক্যাপ্টেন অংশুমান সিং এই ঘটনায় মারা গেছেন। লেহ-র প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিএস সিধু বলেছেন, ঘটনাটি কী করে ঘটল, তা জানার চেষ্টা চলছে

লাদাখ এরিয়ার ওই সেনা ছাউনিতে ছিলেন সেনা অফিসার অংশুমান সিং ও ৬ সেনা। তাঁদের মধ্যে সেনা অফিসারের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি ৬ সেনার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন স্বল্প জখম হয়েছেন। গুরুতর আহত তিন জওয়ানকে চণ্ডীগড়ে স্থানান্তরিত করা হয়েছে।
তবে এই ঘটনা আরও ভয়াবহ হতে পারত। আগুন গোলাবারুদ মজুত রাখা ছিল যে তাঁবুতে, সেখানে পৌঁছলেই বিপত্তি ঘটত। তবে আগুন সেখানে পৌঁছনোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বেশ কয়েকটি সেনা তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। এই আগুন ছড়িয়ে পড়তেই আগুন নেভাতে তৎপর হন সেনা জওয়ানরা। সেনা অফিসারকে তাঁবু থেকে বের করা যায়নি। তিনি চাপা পড়ে যান অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলা ওই তাঁবুতে। আগুন লাগার পিছনে অন্য কোনও কারণ রয়েছ কি না খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications