Bharatpol Portal: অপরাধের তদন্তে CBI-এর মোক্ষম অস্ত্র ‘ভারতপোল’! অমিত শাহের হাত ধরে পোর্টালের সূচনা
Bharatpol: বিদেশে গা ঢাকা দেওয়া অভিযুক্তদের সম্পর্কে তথ্য জানতে এবার ভারতপোল পোর্টালের সূচনা করা হল। দিল্লিতে পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভারত মণ্ডপমে অনুষ্ঠান করে সিবিআইয়ের (CBI) তৈরি ওই অনলাইন পোর্টালের উদ্বোধন করা হয় মঙ্গলবার।
দেশের অপরাধমূলক বিভিন্ন মামলার তদন্তে গতি আনতে ভারতপোল পোর্টালের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন অমিত শাহ বলেন, "আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করবে এই ভারতপোল পোর্টাল (Bharatpol Portal)।"

শাহ আরও বলেন, "এতদিন ইন্টারপোল সংক্রান্ত মামলাগুলি দেখার অধিকার একমাত্র সিবিআইয়ের উপর ছিল। তবে ভারতপোল পোর্টালের মাধ্যমে প্রত্যেক ভারতীয় তদন্তকারী সংস্থা ও রাজ্যের পুলিশ ইন্টারপোলের সঙ্গে সহজেই সরাসরি যোগাযোগ করতে পারবে। অর্থাৎ, এই শূন্যস্থান পূরণের মাধ্যমে অপরাধে রাশ টানা যাবে।"
ভারতে কোনও ফৌজদারি মামলা হোক বা অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে তথ্য প্রয়োজন হলে ইন্টারপোলের কাছে চাইতে পারে সিবিআই। অন্য কোনও তদন্তে ইন্টারপোলের সদস্য দেশগুলিকে সাহায্যও করতে পারে সিবিআই। ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফেরাতে সক্ষম হয়েছে ভারত। এবার এই গোটা প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও মসৃণ করে তুলতে ভারতপোল পোর্টাল নিয়ে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
ইন্টারপোলের আধিকারিকদের সঙ্গে এতদিন চিঠি, মেল বা ফ্যাক্স মারফত যোগাযোগ করতে হত। তবে এবার থেকে সবটা এক পোর্টালেই সম্ভব হবে। সিবিআইয়ের দাবি, সাইবার ক্রাইম, আর্থিক অপরাধ, সংগঠিত অপরাধ, মাদক পাচার, মানব পাচারের মতো অপরাধ বেড়েই চলেছে। চ্যালেঞ্জের মোকাবিলা করতেই ভারতপোল পোর্টাল লঞ্চ করা হয়েছে। তদন্তে জড়িত সব সংস্থাকে এক ছাতার তলায় আনা হবে পোর্টালের মাধ্যমে।
ভারতপোল পোর্টাল তৈরি ও প্রকল্পের নকশা হয়েছিল আগেই। অপরাধস্থলে গিয়ে তদন্তের ক্ষেত্রে গোয়েন্দাদের হাতে অন্যতম মোক্ষম অস্ত্র হতে চলেছে এই ভারতপোল পোর্টাল। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস, ইয়েলো নোটিস বা ব্লু নোটিস জারির প্রয়োজন হলে সিবিআইকে আগে চিঠি দেয়। এবার থেকে ভারতপোল পোর্টালের মাধ্যমেই সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications