দিল্লিতে অখিলেশ ও অভিষেক বৈঠক, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত?
দিল্লির মাটিতে এখন নতুন রাজনৈতিক সমীকরণ। বিরোধীরা কতটা একজোট হতে চলেছে? এই প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার লক্ষ্মীবারের সকালে এবার সৌজন্য সাক্ষাৎ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বাড়িতে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অখিলেশ, অভিষেক সৌজন্য সাক্ষাৎ হয়। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিন জনের মধ্যে দীর্ঘ সময় কথাবার্তা হয়। নতুন কোনও রাজনৈতিক সমীকরণ হতে চলেছে? না কী নিছক সৌজন্য সাক্ষাৎ? সেই প্রশ্ন উঠছে।

দেশীয় রাজনীতিতে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুই রাজ্য এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই রাজ্যেই বিজেপি তাদের আগামী দিনের জন্য জয়রথ বার করেছিল। উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরির পরে বিজেপি রীতিমতো আস্ফালন তৈরি করে। এমনই মত এক পক্ষের। অন্য দিকে পশ্চিমবঙ্গে তেড়েফুঁড়ে নেমেছিল গেরুয়া শিবির।
দুই রাজ্যতেই বিজেপি প্রবল ভাবে ধাক্কা খেয়েছে। উত্তরপ্রদেশে ৩০ টি আসন কমেছে বিজেপির। অন্য দিকে বাংলায় ১২ টি আসনে নেমে গিয়েছে গেরুয়া শিবির। দুই রাজ্যে বিজেপিকে পরাস্ত করার অন্যতম দুই মুখ অখিলেশ যাদব ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা এবার দিল্লিতে মুখোমুখি বৈঠক করলেন।
গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। সরকারে তারা যাচ্ছে না। বরং আগামী পাঁচ বছর এনডিএ সরকারকে চাপে রাখার কৌশল অবলম্বন করবেন বিরোধীরা। দিল্লিতে থেকে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সকালে অখিলেশ অভিষেকের মধ্যে আলোচনা হয়।
বিজেপিকে আটকে দেওয়ার জন্য দিল্লিতে গতকাল যথেষ্ট প্রশংসা পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওমর আবদুল্লারা অভিষেককে প্রশংসিত করেছেন। অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অন্যতম দুই মুখ হয়ে উঠেছেন। এই কথা মেনে নিচ্ছে ওয়াকিবহাল মহলের একাংশ।
তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁদের দুজনের টেলিফোনে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়িয়েছেন। সেই হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও অখিলেশ যাদবের যোগাযোগ মধুর। সেই সম্পর্ক কি আরও মধুর হতে চলেছে? প্রশ্ন উঠছে সৌজন্য সাক্ষাৎ ঘিরে।












Click it and Unblock the Notifications