২০২৪ পর্যন্ত অপেক্ষা নয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দাবি জানাতে প্রস্তুত অজিত পাওয়ার
বিজেপিতে যোগদান জল্পনা মাঝেই এনসিপি নেতা অজিত পাওয়ারের একটি মন্তব্য ফের মহারাষ্ট্রের রাজনীতিতে ঝড় তুলে দিল। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করলেন, ২০২৪ পর্যন্ত অপেক্ষা নয়, এখনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দাবি জানানোর জন্য তাঁরা প্রস্তুত।
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অজিত পাওয়ার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালের নির্বাচনে মুখ্যমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে, তার জবাবে অজিত পাওয়ার বলেন, আমার দল যে কোনো সময়ে মুখ্যমন্ত্রী পদের দাবি জানানোর জন্য প্রস্তুত।

পাওযার বলেন, ২০০৪ সালে কংগ্রেসের থেকে বেশি আসন পেয়েছিল এনসিপি। সেবারই আমাদের দলের মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। আর এবার মুখ্যমন্ত্রী পদের জন্য আর একটা নির্বাচনের অপেক্ষায় থাকার দরকার নেই। যে কোনোও সময় আমরা দাবি জানাতে পারি।
কিন্তু কোন সমীকরণে এনসিপি নেতা অজিত পাওয়ার এই দাবি জানালেন? তবে কি তিনি অন্য দল ভাঙানোর খেলা চালিয়ে যাচ্ছেন গোপনে। তিনি এনসিপি ছাড়া অন্য দলের বিধায়কদের ভাঙিয়ে কি মহারাষ্ট্রে অন্য কোনো সমীকরণ তৈরি করতে চলেছেন, সেই জল্পনা উসকে দিলেন অজিত।

সম্প্রতি অজিত পাওয়ার ফের বিদ্রোহী হয়ে উঠেছিলেন এনসিপিতে! তাঁর নেতৃত্বে ৩০ জন বিরোধী বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছিল মহারাষ্ট্রে। এনসিপিতে এই ভাঙন জল্পনা অবশ্য উড়িয়ে দেন এনসিপি নেতা অজিত পাওয়ার।
শারদ পাওয়ারও বলেছিলেন, এনসিপি বিধায়করা বিজেপিতে যোগ দেবেন না। নিছকই জল্পনা এসব। সংবাদমাধ্যমের রটনা। তিনি ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহকে রটনা বলে উড়িয়ে দিয়ে আশ্বস্ত করেন উদ্ধব ঠাকরে শিবিরকেও। শিবসেনার উদ্ধবগোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি-তে অজিত পাওয়ারের ভবিষ্যত উজ্জ্বল।

এ প্রসঙ্গে তিনি বলেন, "এনসিপি নেতা অজিত পাওয়ার জাতীয়তাবাদী কংগ্রেস দলের একজন সিনিয়র নেতা। আমি মনে করি না যে তিনি এমন কিছু করবেন। তিনি বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন না বলে আমরা বিশ্বাস। কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে এনসিপিতে ভাঙন জল্পনার পর অজিত পাওয়ারের মুখ্যমন্ত্রী মন্তব্য নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।
মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপির ইন্ধনে শিবসেনায় আড়াআড়ি বিভাজন ঘটে গিয়েছে। তারপর এনসিপিতেও ভাঙন জল্পনা শুরু হয়েছিল। এখানে উল্লেখ্য, ২০১৯ সালে এনসিপি নেতা অজিত পাওয়ার একবার বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তার ৪৮ ঘণ্টার মধ্যে পতন হয় ফড়নবিশ ও পাওয়ারের যৌথ সরকারের।












Click it and Unblock the Notifications