দিল্লির বায়ুদূষণ, সরকারি কর্মীদের এবার ওয়ার্ক ফ্রম হোমে পাঠালো সরকার
দিল্লির বায়ুদূষণের মাত্রা এখনও ভয়াবহ। বুধবারও সেই ভয়াবহতার ছবি ধরা পড়েছে সকালেই। পরিস্থিতি আয়ত্ত্বে রাখতে নতুন পদক্ষেপ করল দিল্লির সরকার৷ এবার দিল্লির সরকারি কর্মীরা বাড়িতে বসে কাজ করবেন। সেই নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজ বুধবার থেকেই এই নির্দেশ কার্যকরী হয়।
দিল্লির বাতাসে ভয়াবহ পরিস্থিতি। অত্যন্ত খারাপ দিল্লির বাতাস। বায়ুদূষণে জেরবার রাজধানীর বাসিন্দারা। স্কুল আগেই বন্ধ হয়ে গিয়েছে। বাড়িতে থেকে অনলাইনে পঠনপাঠন চলছে। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অনলাইনে ক্লাসের কথা জানিয়ে দিয়েছে। চলতি সপ্তাহে অনলাইনেই ক্লাস হবে বিশ্ববিদ্যালয়ের।

এবার সরকারি কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ জারি করা হল। প্রতিদিন ৫০ শতাংশ সরকারি কর্মী বাড়িতে থেকে কাজ করবেন। কত দিন এই নির্দেশিকা জারি থাকবে? তাই নিয়ে চর্চা শুরু হয়েছে। বাতাসের উন্নতি না হলে এখনই কোনও কিছু বদলাচ্ছে না। এই কথা মনে করছে ওয়াকিবহাল মহল। রাজধানীতে এই মুহূর্তে যেন করোনা কালের পরিস্থিতি তৈরি হয়েছে। ছোট থেকে বড় সকলেই কম বেশি মাস্ক ব্যবহার করছেন। অত্যন্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ রাস্তায় থাকছেন না।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দিল্লির বায়ুদূষণ সম্পর্কে প্রতিদিন খুটিয়ে তত্ত্বতালাশ করছে। বুধবার সকালেও দিল্লির বায়ুদূষণ মাপা হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪২৪ সূচকে এসে দাঁড়িয়েছে। দূষণ সামান্য পরিমাণ নেমেছে বলে খবর। সকাল আটটা নাগাদ এই দূষণ মাপা হয়। কিন্তু মারাত্মক পরিস্থিতি এখনও রয়েছে। আদালত দিল্লির দূষণ সম্পর্কে কড়া নির্দেশ দিয়েছে। ফলে দূষণ কমানোর জন্য এখন একাধিক পদক্ষেপ করছে সরকার। দিল্লির আনন্দবিহার, বাওয়ানা, জাহাঙ্গীরপুরী এলাকায় দূষণের মাত্রা ৪৫০ এর সূচকের বেশি এখনও রয়েছে।
দিল্লির দূষণ বাড়তেই শ্বাসকষ্টের সমস্যা হয়েছে বহু বাসিন্দার। শিশু, কিশোর ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা যাচ্ছে। হাসপাতালগুলিতে এলার্জি ও অন্যান্য উপসর্গের রোগীদের ভিড় রয়েছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। ৭৯ টি বিমান দেরিতে ওঠানামা করেছে। ছয়টি বিমান বাতিল হয়েছে। দূরপাল্লার ট্রেন চলাচলেও দেরি হচ্ছে। রাজধানীতে কুয়াশার কারণে ১৩ টি ট্রেন দেরিতে চলছে। নয়টি ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications