নাড্ডার পরে বিজেপি সভাপতি কি একজন মহিলা? দৌড়ে যেসব নাম উঠে আসছে
বিজেপি সভাপতি জেপি নাড্ডা রবিবার তৃতীয় মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। সোমবার জানা যায় তাঁকে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে এবার বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি পেতে চলেছে।
প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে ডেপি নাড্ডাকে কার্যকরী সভাপতি করা হয়েছিল। তারপর ২০২০-র জানুয়ারিতে জেপি নাড্ডাকে পূর্ণ সময়ের সভাপতি করা হয়। সভাপতি হিসেবে নাড্ডার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩-এর ২০ জানুয়ারি। কিন্তু বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতি সর্বসম্মতিতে সেই মেয়াদ ২০২৪-এর জুন পর্যন্ত বাড়িয়ে দেয়।

এব্যাপারে বলে রাখা ভাল আগে যে দু'জনের নাম সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচনার কেন্দ্রে ছিল, তাঁরা হলেন ধর্মেন্দ্র প্রধান এবং শিবরাজ সিং চৌহান। কিন্তু তাঁরা দুজনেই নরেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এই মুহূর্তে বিজেপির অন্দর মহলে যেসব নামগুলি উঠে আসছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মহারাষ্ট্রের বিনোদ তাউড়ে। তিনি বিএল সন্তোষের পরে বিজেপির অন্যতম প্রভাবশালী সাধারণ সম্পাদক হয়ে উঠেছেন। তেলেঙ্গানার কে লক্ষ্মণের নামও শোনা যাচ্ছে। তিনি বিজেপির ওবিসি মোর্চার প্রধান। তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। তিনি ভারসাম্য বজায় রেখে চলতে পারেন।
এছাড়াও সুনীল বনসালের নামও উঠে আসছে্। তিনি এই মুহূর্তে বিজেপির সাধারণ সম্পাদক এবং বাংলা, ওড়িশা ও তেলেঙ্গানার ইনচার্জ। উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক সংগঠন হিসেবে কাজ করার সময় তিনি শক্তি কেন্দ্রে পরিণত হয়েছিলেন। শোনা যাচ্ছে রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য ওম মাথুরের নামও। তিনি আরএসএসের প্রচারক ছিলেন এবং গুজরাতের দায়িত্বও পালন করেছেন।
বিজেপি এবার কোনও মহিলাকে সভাপতি করতে পারে বলেও শোনা যাচ্ছে। বিজেপির সময়ে দেশে মহিলা রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। এছাড়া মহিলা ভোটারদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় তাঁদের নির্বাচনী যোগ্যতাও বেড়েছে।
সর্বভারতীয় সভাপতি কে হতে পারেন, তাদের সম্ভাব্য তালিকা নিয়ে আলোচনা করতে নারাজ শীর্ষ নেতারা। তবে মহিলাদের মধ্যে স্মৃতি ইরানির নাম শোনা যাচ্ছে। তিনি অনেকগুলি ভাষায় কথা বলতে পারেন। আক্রমণাত্মকও বটে। তবে এবার তিনি আমেথি থেকে হেরে যাওয়ার বিষয়টিও আলোচনার কেন্দ্রে রয়েছে।












Click it and Unblock the Notifications