ABP CVoter Survey: বিরোধীদের কি প্রধানমন্ত্রীর মুখ ঘোষণা করা উচিত? সমীক্ষায় চমকপ্রদ ফলাফল
ABP CVoter Survey: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৫ টির বেশি দল একসঙ্গে হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স গঠন করেছে। কিন্তু তারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করেনি।
সাম্প্রতিক সময়ে আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছিলেন, তারা অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে দেখতে চান। এর পরে এসপি মুখপাত্র জুহি সিং তাদের নেতা অখিলেশ যাদবের নাম করে একই আশাপ্রকাশ করেছিলেন। শিবসেনা(ইউটিবি) নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছিলেন, তারাও উদ্ধব ঠাকরেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে দেখতে চান।

তার অনেক আগেই অবশ্য তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবি করা হয়েছিল। এমনই পরিস্থিতিতে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ ঘোষণা করা উচিত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এবিপি নিউজ ও সি ভোটারের তরফে একটি সমীক্ষা চালানো হয়েছে।
সেখানে প্রশ্ন ছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধীদের কি প্রধানমন্ত্রীর মুখ নিয়ে লড়াই করা উচিত? প্রশ্নের উত্তরে ৫০ শতাংশ বলেছেন হ্যাঁ, ২২ শতাংশ বলেছেন না এবং বলতে পারছি না বলেছেন ২৮ শতাংশ।
উল্লেখ্য যে এবিপি নিউজ সি ভোটারের জন্য সর্বভারতীয় সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষায় ২৬৮৬ জনের মতামত নেওয়া হয়েছে। শনিবার থেকে রবিবার বিকেল পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় ত্রুটি প্লাস-মাইনাস ৩ থেকে ৫ শতাংশ। সমীক্ষার ফলাফল সম্পূর্ণরূপে মানুষের সঙ্গে কথোপকথন এবং তাদের মতামতের ওপরে ভিত্তি করে করা হয়েছে।












Click it and Unblock the Notifications