কংগ্রেস সরকারের আমলে অসমের স্কুল শিক্ষা দফতরের রেকর্ডে প্রায় ৩ লক্ষ ‘ভুতুড়ে’ পড়ুয়া
কংগ্রেস সরকারের আমলে অসমের স্কুল শিক্ষা দফতরের রেকর্ডে প্রায় ৩ লক্ষ ‘ভুতুড়ে’ পড়ুয়া
তালিকায় নামে রয়েছে, অথচ নেই সশরীরী উপস্থিতি। হ্যাঁ এরকমই প্রায় ৩.২ লক্ষ ভুতুড়ে পড়ুয়ার উপস্থিতি ধরা পড়লো অসম সরকারের স্কুল শিক্ষা দফতরের রেকর্ডে।

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ ভুতুড়ে পড়ুয়ার সকলেরই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে নাম নথিভুক্ত হয়েছে। সমগ্র শিক্ষা অভিযান বা এসএএস পর্যালোচনা সভায় এই তথ্য প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে। এসএএসের অধীনে বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক ও শিক্ষক শিক্ষা বিভাগও রয়েছে বলে সূত্রের খবর। সোমবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সদ্য প্রকাশিত একটি সরকারি নির্দেশিকা অনুসারে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সমস্ত সরকারি ও প্রাদেশিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই তালিকায় মোট ৪৬,৬৯,৯৭০ জন জন পড়ুয়ার নাম রয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে যা ছিলো ৪৯, ৮২, ১৮০ জন। মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয় যে পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে প্রায় ৩ লক্ষ ১২ হাজারের বেশি 'ভুয়ো’ বা 'ভুতুড়ে’ পড়ুয়ার নাম সরকারি তালিকায় যুক্ত করা হয়।
ওই সরকারি বিবৃতিতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলা হয়, পূর্ববর্তী কংগ্রেস সরকার পাঠ্যপুস্তক, মধ্যাহ্নভোজন, ইউনিফর্ম ইত্যাদির নামে সরকারী অর্থ আত্মসাৎ করার জন্য সরকারি বিদ্যালয় গুলিতে 'ভুতুড়ে’ পড়ুয়াদের কথা তালিকায় উল্লেখ করে।












Click it and Unblock the Notifications