Arvind Kejriwal: জেলে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা থেকে পদত্যাগ রাজ কুমার আনন্দের, তুঙ্গে দলবদলের জল্পনা
এখনও জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। তবে ভাঙন ধরল তাঁর মন্ত্রিসভায়। পদত্যাগ করলেন মন্ত্রী রাজ কুমার আনন্দ। সেই সঙ্গে আম আদমি পার্টিও ছেড়েছেন তিনি। হঠাৎ করে রাজ কুমার আনন্দের আপ ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য আবগারি দুর্নীিত মামলায় কয়েক মাস আগে তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। তারপরেই এই পদত্যাগের সিদ্ধান্তে অন্য কোনও রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই রাজ আনন্দের বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আবগারী দু্র্নীতি মামলায় একের পর এক আপ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এসেন্সি। ইতিমধ্যেই সত্যেন্দ্র জৈন থেকে শুরু করে মণীশ সিসোদিয়া এমন কি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করেছে ইডি।
অরবিন্দ কেজরিওয়ালকে ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু কোনও বারই তিনি হাজিরা দেননি। তারপরে তাঁর বাড়িতে হানা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে তদন্তকারীরা। আপাতত তিহাড় জেলে রয়েছেন তিনি। একাধিকবার জামিনের আর্জি জানালেও তাঁর জামিন মঞ্জুর করা হয়নি। আদালতে জামিনের বিরোধিতা করে ইডি কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি কাণ্ডের কিংপিন বলে দাবি করেছে।
জেলে থেকেই মুখ্যমন্ত্রী পদে কাজ চালাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি এখনও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। এরই মধ্যে আবার হাইকোর্ট জেলে তাঁর সঙ্গে আইনজীবীর সাক্ষাতের সময় কমিয়ে দিয়েছে। এদিকে জল্পনা শুরু হয়েছে এবার ইডির স্ক্যানারে রয়েছেন অতশী এবং রাঘব চড্ডা। তাঁদের বাড়িতে অভিযান চালাতে পারে ইডি। যদিও কেজরিওয়ালের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিকত বলেই অভিযোগ করেছে বিরোধীরা।
কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছে আপ। প্রতিদিন কোথাও না কোথাও ধর্না কর্মসূচি করছে তারা। তারই মধ্যে আবার রাজ কুমার আনন্দের গ্রেফতারি রাজনৈতিক জল্পনা তীব্র করেছে। রাজ আনন্দের বাড়িতেও আবগারি দুর্নীতি মামলায় অভিযান চালানো হয়েছিল। সেকারণেই মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনাও শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications