মহাকুম্ভে ফের বিপদ! শঙ্করাচার্য মার্গের ১৮ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গিয়েছে সম্পূর্ণ ক্যাম্প
বিপদ যেন পিছু ছাড়ছে না মহাকুম্ভে। একের পর এক বিপদ লেগেই রয়েছে এই ধর্মীয় অনুষ্ঠানে। শুরুটা হয় মৌনী অমাবস্যার দিন পদপিষ্টের ঘটনা থেকে। আর তারপর থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে।
ফের একবার কুম্ভমেলা প্রাঙ্গণে আগুন লেগেছে বলে খবর আসছে। যা জানা যাচ্ছে, মেলা এলাকার শঙ্করাচার্য মার্গের ১৮ নম্বর সেক্টরের যমুনা পুরম সেক্টরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও অজানা। এই মুহুর্তে আগুন নেভানোর কাজ চলছে দ্রুত গতিতে। অন্যদিকে কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

ছবি সৌজন্য- ANI/X
যা জানা যাচ্ছে, এই অগ্নিকাণ্ডের জেরে মেলা এলাকা ঘন ধোঁয়ায় ঢাকা পড়ে। আশেপাশের আখড়াগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাক চক থানার পরিদর্শক যোগেশ চতুর্বেদী বলেন, "পুরাতন জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি ক্যাম্পে আগুন লাগে এদিন সকালে। তবে দমকলকর্মীরা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন"।
তিনি বলেন, অভিযান তদারকির জন্য দমকল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
প্রসঙ্গত, গত মাসেও একই রকম ঘটনা ঘটেছিল যখন মহাকুম্ভ মেলায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে একজন আহত হন এবং সেক্টর ১৯-এর ১৮টি তাঁবু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, ওই সময় ওই আগুন ১৫টি দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মৌনী অমাবস্যার প্রস্তুতি পর্যালোচনা করতে প্রয়াগরাজে থাকা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সেই বার ঘটনাস্থলেই ছিলেন এবং ভবিষ্যতে এ জাতীয় কোনও ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সেরকমটা যে আদপেও ঘটেনি, তা এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্পষ্ট। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আর এখন আগুনও নিয়ন্ত্রণে এসেছে।












Click it and Unblock the Notifications