কিরণ বেদীর পর বিজেপিতে যোগ দিলেন শাজিয়া ইলমি
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : গতকাল বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী। আর আজ, শুক্রবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আম আদমি পার্টির প্রাক্তন নেত্রী শাজিয়া ইলমি।
আরও পড়ুন : আপ থেকে ইস্তফা দিলেন শাজিয়া ইলমি
একসময় দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের লড়াইয়ে প্রধান সৈন্যদের মধ্যে অন্যতম ছিলেন শাজিয়া। কিন্তু পরে দলের ভিতরে কোনও দলতন্ত্র নেই, বরং রয়েছে কিছু উপদলের অন্তরঙ্গতা। এই অভিযোগ এনেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি থেকে ইস্তফা দিয়েছিলেন আপের শীর্ষ নেতা শাজিয়া ইলমি।

তবে, সে সময়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কি দেবেন না বা তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। যদিও বেশ কিছুদিন ধরেই শাজিয়া ইলমির বিজেপিতে যোগ দেওয়ার কথা প্রায় নিশ্চিত বলেই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল। আজ তার ইতি হল। দিল্লি বিজেপির প্রধান সতীশ উপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন শাজিয়া।
গতকালই অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন কিরণ বেদীর দলে যোগ দেওয়ার ফলে দিল্লি বিজেপি আরও শক্তিশালী হল। যা অবশ্যই শাজিয়ার ক্ষেত্রেও খাটে।
এদিন শাজিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে নতুন রাজনৈতিক দিকের উত্থান হয়েছে। আমাদের সবার সেই কর্মযজ্ঞে যোগ দেওয়া উচিত। শাজিয়া এও বলেন, দিল্লি বিধানসভা নির্বাচনে লড়ার আমার কোনও ইচ্ছা নেই। শুধু মানুষের জন্য কাজ করতে চাই।
তিনি এও জানিয়ে দেন আগামী দিল্লি বিধানসভা নির্বাচনে আপের বিরুদ্ধে প্রচার চালাবেন শাজিয়া। আপের আসল রূপটা তিনি ফাঁস করতে চান বলেও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications