বিমানে সিট বাছাইয়ে বড় পরিবর্তন! ৬০ শতাংশ আসনে আর লাগবে না অতিরিক্ত টাকা, নতুন নিয়ম আনল DGCA
যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য বড় সিদ্ধান্ত নিল দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। আগামী ২০ এপ্রিল থেকে দেশের সমস্ত বিমান সংস্থাকে তাদের প্রত্যেকটা ফ্লাইটে অন্তত ৬০ শতাংশ আসন বিনামূল্যে দিতে হবে। অর্থাৎ, এই সিটগুলির জন্য আর আলাদা করে অতিরিক্ত কোনও টাকা নেওয়া যাবে না।

এই বিষয়ে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আগেই নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী চলতি বছরের ২০ মার্চ ডিজিসিএ (Directorate General of Civil Aviation) একটি সংশোধিত সার্কুলার জারি করে, যা ২০ এপ্রিল থেকে কার্যকর হবে।
নতুন নিয়ম অনুসারে, সিট বণ্টনের ক্ষেত্রে বিমান সংস্থাগুলিকে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে। বুকিংয়ের সময় যেন যাত্রীরা স্পষ্টভাবে জানতে পারেন যে কোন সিটগুলি বিনামূল্যে পাওয়া যাচ্ছে এবং কোনগুলির জন্য টাকা দিতে হবে। আর সেই বিষয়টা এয়ারলাইন্সগুলিকে নিশ্চিত করতে হবে। এছাড়াও, সম্ভব হলে একসাথে বুকিং করা অর্থাৎ একই পিএনআর (PNR) নম্বরে যাত্রীদের পাশাপাশি বসানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ পরিবার অথবা একসাথে ভ্রমণকারীরা যাতে কোনোভাবেই আলাদা না হয়ে যান, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।
বর্তমানে সাধারণত মাত্র ২০ শতাংশ সিট বিনামূল্যে বেছে নেওয়ার সুযোগ থাকে। বাকি সিটগুলির জন্য যাত্রীদের আলাদা করে অতিরিক্ত টাকা দিতে হয়। আর এই চার্জ সাধারণত সিটের অবস্থান এবং সুবিধার উপর নির্ভর করে ২০০ টাকা থেকে ২১০০ টাকার মধ্যে হয়। যেমন সামনে বসার সিট অথবা অতিরিক্ত লেগস্পেস থাকা সিটের দাম বেশি।
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, অতিরিক্ত পরিষেবার জন্য যে চার্জ নেওয়া হয় যেমন, খেলাধুলার সরঞ্জাম অথবা বাদ্যযন্ত্র বহন, সেগুলিও স্পষ্টভাবে ওয়েবসাইট এবং বুকিং প্ল্যাটফর্মে দেখাতে হবে। কোনোরকম বিভ্রান্তি রাখা যাবে না। তবে এই সিদ্ধান্তটিতে খুব একটা খুশি নয় বিমান সংস্থাগুলি। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেটের মতো বড় এয়ারলাইন্সগুলি এর বিরোধিতা করেছে। তাদের মতে, এত সংখ্যক সিট ফ্রি করে দিলে ক্ষতি পোষানোর জন্য টিকিটের দাম বাড়াতে হতে পারে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স (Federation of Indian Airlines) ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে।
অর্থাৎ, যাত্রীদের জন্য এটি বড় একটি স্বস্তির খবর হলেও, ভবিষ্যতে ভাড়ার উপর এর প্রভাব পড়বে কি না সেই দিকেই এখন নজর সবার।












Click it and Unblock the Notifications