Bomb Threat in Flights: একদিনে ৩৫টি বিমানে বোমা রাখার হুমকি, ফের হইচই বিমানবন্দরে, কী মত কর্তৃপক্ষের
বিমানে হামলার ভুয়ো হুমকি যেন থামছেই না। এদিন একইসঙ্গে চারটি আলাদা বিমান সংস্থার ৩৫টি বিমানে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। এই বিমান পরিবহণ সংস্থাগুলি হল ভিস্তারা, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং আকাসা। তবে কোনও ক্ষেত্রেই কোনও বোমা পাওয়া যায়নি। সবকটি ক্ষেত্রেই হুমকি ভুয়ো বলে দেখা গিয়েছে।
ভিস্তারা বিমান সংস্থার তরফে মুখপাত্র স্বীকার করেছেন যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। এবং সেই হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। এই মুহূর্তে বিমান কর্মী এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেই তাঁরা কাজ করছেন বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

দেখা গিয়েছে, ইন্ডিগো সংস্থার বেশিরভাগ আন্তর্জাতিক বিমানেই বোমা রাখার হুমকি এসেছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তাঁরাও সোশ্যাল মিডিয়ায় বোমা রাখার বহু হুমকি পেয়েছেন। এবং তা জানার পরই প্রোটোকল অনুযায়ী সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যালার্ট করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ বোমার সন্ধান করে খোঁজা এবং যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে সোমবার ৩০টি দেশীয় এবং আন্তর্জাতিক রুটের বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এই হুমকিগুলি আসে ইন্ডিগো, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে।
তবে ঘটনা হল, গত বেশ কিছুদিন ধরেই এভাবেই প্রতিদিন ভুয়া বোমা রাখার হুমকি দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছে। যার ফলে আকাশ পথে পরিষেবা বারবার ধাক্কা খাচ্ছে। কর্তৃপক্ষের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও এখনও পর্যন্ত এই ভুয়ো হুমকি আটকানো যায়নি।












Click it and Unblock the Notifications