Rajasthan Assembly Election 2023: মোদী-শাহে টিমে নাম নেই বসুন্ধরারা! রাজস্থানের ভোটের আগে কোন্দল স্পষ্ট
Rajasthan Assembly Election 2023: চলতি বছরেই রাজস্থান বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেই সমস্ত রাজ্যে নির্বাচন বিজেপির কাছে রীতিমত প্রেস্টিজিয়াস ফাইট।
আর তাই এখন থেকেই সেই সমস্ত রাজ্যে ময়দানে নেমেছে মোদী-শাহ টিম। সেই মতো ভোটের আগে রাজস্থানের জন্যে দুটি নির্বাচনী কমিটি গঠন করল বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে ওই দুটি কমিটির কোনও টিতেই নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

কিন্তু কেন তাঁকে বাদ রেখেই এই কমিটি গঠন করা হল? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছেঁটে ফেলতে চাইছে বিজেপি? জোর জল্পনা রাজস্থানের রাজনীতিতে। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ জোশী।
তিনি জানিয়েছেন, বসুন্ধরা রাজে সিন্ধিয়া আমাদের গুরুত্বপূর্ণ একজন নেতা। একাধিক কর্মসূচিতে তাঁর অবদান থাকে। এমনকি আগামিদিনেও থাকবে বলে জানিয়েছেন বিজেপি নেতা।
অন্যদিকে সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য সভাপতি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে দলের সমস্ত নেতাই প্রচার করবেন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কমিটিতে না থাকা নিয়ে কার্যত স্পিকটি নট অরুণ সিং। ফলে বসুন্ধরাকে নিয়ে জল্পনা জিইয়েই থাকল।
বলে রাখা প্রয়োজন, বসুন্ধরা বনাম বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘাত তুঙ্গে। নির্বাচনে তাঁর নাম নাও থাকতে পারে বলে জল্পনা ছিল। আর এর মধ্যে কমিটিতেই থাকল না প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম।
কংগ্রেস শাসিত রাজস্থানে ভোটের জন্যে নির্বাচন পরিচালনার জন্য ২১ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী ইস্তেহার কমিটিতে রাখা হয়েছে ২৫ জনকে। অন্যদিকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল গেরুয়া শিবির। ছত্তিশগড়ের জন্য ২১ জন এবং মধ্যপ্রদেশের জন্য ৩৯ জন প্রার্থীর নাম এদিন ঘোষণা করা হয়েছে।
এই বছরের শেষের দিকে দুই রাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত ছত্তিশগড় বিধানসভার সদস্য সংখ্যা ৯০ এবং মধ্যপ্রদেশে ২৩০।












Click it and Unblock the Notifications