যুদ্ধের মাঝেও স্বস্তি! হরমুজ প্রণালী পেরোল ভারতের ২ গ্যাসবাহী জাহাজ, কী বললেন জয়শঙ্কর?
ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ ছিল। কিন্তু তারপরেও ভারতের দুটি গ্যাসবাহী জাহাজ নিরাপদে সেই পথ থেকে পেরিয়ে এসেছে। আর এই নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের ফলেই এই পথ খোলা সম্ভব হয়েছে।

খবর অনুসারে, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ শিবালিক এবং নন্দা দেবী, প্রায় ৯২ হাজার টনের বেশি এলপিজি নিয়ে গত শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের দিকে রওনা দিয়েছে। আজ এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন যে, আলোচনা করে তার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা ভারতের নীতি, এবং এই ঘটনাই হল তার প্রমাণ।
ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর থেকে ইতিমধ্যে জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে চার বার ফোনে কথা বলেছেন। এই প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। যে পথের মাধ্যমে প্রতিদিন প্রচুর পরিমাণ তেল পরিবাহিত হয়ে থাকে।
জয়শঙ্কর স্পষ্ট করে বলেন যে, ভারতীয় জাহাজ চলাচলের জন্য কোনও বিশেষ চুক্তি অথবা বিনিময় হয়নি। দুই দেশের মধ্যেকার দীর্ঘদিনের সম্পর্ক এবং পরিস্থিতি বোঝাপড়ার ভিত্তিতেই এই অনুমতি পাওয়া গিয়েছে।
তবে তিনি জানিয়েছেন যে, এখনও বিষয়টি একেবারে মিটে যায়নি। আরও অনেক ভারতীয় জাহাজ রয়েছে হরমুজ অঞ্চলে। তাই সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রেখে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সামরিক হামলার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর সেই কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পথ দিয়েই বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ যায়।
আর ভারতের জ্বালানি বাজারেও এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে। এলপিজি সরবরাহে চাপ তৈরি হওয়ার কারণে সরকার আপাতত গৃহস্থালি এবং পরিবহন খাতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে আবার, গ্যাসনির্ভর শিল্প এবং ব্যবসায় কিছুটা সমস্যার কথাও সামনে আসছে।












Click it and Unblock the Notifications