TMC: আইন না মেনে প্রতিবাদ! ডেরেক-দোলা সহ ১০ তৃণমূল সাংসদ-নেতাদের বিরুদ্ধে সমন জারি দিল্লির কোর্টের
TMC: তৃণমূলের ১০ জন সাংসদ ও নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। লোকসভা নির্বাচনের আগে ২০২৪ এর এপ্রিল মাসে জাতীয় নির্বাচন কমিশনের দফতরের সামনে নিয়ম না মেনে অবস্থান বিক্ষোভের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। দিল্লি পুলিশের অনুমতি না নিয়েই বিক্ষোভ করা হয় বলে অভিযোগ। একইসঙ্গে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি সত্ত্বেও তৃণমূল সাংসদরা তা মানেননি বলেও দাবি।
গত ২০২৪ সালের ৮ এপ্রিলের ঘটনা। সিবিআই, ইডি, এনআইএ ও আয়কর দফতরের প্রধানদের সরানোর দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের সাংসদ ও নেতারা। একাধিক আইন অমান্য করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসের মেন গেটে বিক্ষোভ দেখান তারা। প্রশাসনের অনুমতি না নিয়েই ব্যানার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয়। সিআরপিসির ১৪৪ ধারা অমান্য করে জমায়েতের বিরুদ্ধে এফআইআর রুজু করে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের চার্জশিটের ভিত্তিতে তৃণমূলের সাংসদ ও নেতাদের সমন পাঠিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ ও নেতাদের মধ্যে বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, সুদীপ রাহাকে সমন পাঠিয়েছে কোর্ট। আগামী ৩০ এপ্রিল এই মামলা শুনানি পর্বের তালিকায় রাখা হয়েছে বলে সূত্রের খবর।
তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ওই সমন জারির পর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) নেহা মিত্তল জানান, ইন্ডিয়ান পেনাল কোডের (অধুনা ভারতীয় ন্যায়সংহিতা) ১৮৮, ১৪৫ ও ৩৪ নম্বর শাস্তিযোগ্য ধারায় মামলা করা হয়েছে তৃণমূল সাংসদ ও নেতাদের বিরুদ্ধে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগে অনুমতির তোয়াক্কা না করেই নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল। অবরোধ ও আইন অমান্য করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে বরাবরই অভিযোগ করে এসেছে বিরোধীরা। তৃণমূলের দাবি, সিবিআই ইডিকে ব্যবহার করে রাজ্য সরকারের নামে কুৎসা করে বিজেপি। এজেন্সির মাধ্যমে তৃণমূলকে কালিমালিপ্ত করার অপচেষ্টা করা হয় বলে অভিযোগ। গত বছর সেনিয়েই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিরা দেখা করে ও দাবিদাওয়া জানায়। এরপর তারা কমিশনের বাইরে প্রতিবাদেও সামিল হয়। কিন্তু সেখানেই তাঁদের বিরুদ্ধে আইন না মানার অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগে বিপাকে তৃণমূলের ১০ সাংসদ নেতারা।












Click it and Unblock the Notifications