Vande Bharat Express: ১৪ মিনিটে 'খেলা শেষ' বন্দে ভারতে! কীভাবে? সাক্ষী থাকল হাওড়া স্টেশন
Vande Bharat Express: মাত্র ১৪ মিনিটেই দেখা যাবে চমক! রেলের পক্ষ থেকে গোটা বিষয়টির পোশাকি নাম দেওয়া হয়েছে 'ফোরটিন মিনিটস মিরাকল'। ১ অক্টোবর, রবিবার এর ট্রায়াল হয়ে গেল। আর এই ট্রায়ালে একেবারে চমক দেখালেন রেলকর্মীরা।
এই কর্মসূচির মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সব ট্রেন মাত্র ১৪ মিনিটেই সাফাই করা হবে।
আর ৪৫ মিনিট নয়, এখন থেকে সময় লাগবে মাত্র ১৪ মিনিট। বন্দে ভারতের প্রতিটি কামরাকে সাফাইয়ের মাধ্যমে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুত করে ফেলা হবে। আর তা করতে সময় লাগবে মাত্র ১৪ মিনিট।

আর সেই পুরো বিষয়টিকে 'ফোর্টিন মিনিট মিরাকল' বলছে রেল। রবিবার সেই ব্যবস্থাও খতিয়ে দেখা হলো রেলের (Indian Rail) তরফে। আর পুরো বিষয়টিকে খতিয়ে দেখতে স্টেশনেই উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা। প্রসঙ্গত রেলমন্ত্রক সোমবার থেকে দেশের ২৯টি স্টেশনে এই পরিষেবা শুরু করবে।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে রবিবার ১ অক্টোবর স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করা হয়। সকালে শালিমার স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রের নেতৃত্বে উচ্চপদস্থ রেল আধিকারিকরা রেললাইন পরিষ্কার করেন।
এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্লাটফর্মে পৌঁছালে ওই ট্রেন নির্দিষ্ট সময়ে সাফাইয়ের কাজ শুরু হয়। যাত্রীরা ট্রেন থেকে নামার পর প্রত্যেকটি কোচে তিনজন করে সাফাই কর্মী ওঠেন। তাঁরা দ্রুততার সঙ্গে ট্রেনের ভিতরে সাফাই করেন। ট্রেনের আসন, কাচের জানলা, টেবিল এবং টয়লেট সহ গোটা ট্রেনটিকে মাত্র ১৪ মিনিটে পরিষ্কার করা হয়।
দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম কৃষ্ণরাও চৌধুরী বলেন, আজ থেকে পরীক্ষামূলকভাবে বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) পরিষ্কার করার কাজ শুরু হলো। এর মূল উদ্দেশ্য হলো কম সময়ে ট্রেনটাকে পুরোপুরি পরিষ্কার করা। প্রত্যেকটি কোচে তিনজন সাফাই কর্মী পরিষ্কার করবেন।

আগে যেখানে ট্রেনটিকে পরিষ্কার করতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগতো। সেটা এখন থেকে মাত্র ১৪ মিনিটে করা হবে। তৈরি করা হবে ফ্লো চার্ট। এই (Vande Bharat Express) পরীক্ষামূলক কর্মসূচি যদি সফল হয় তাহলে অন্য ট্রেনেও প্রয়োগ করা হবে। এমনটাই রেলের তরফে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications