হাওড়ার পর এবার হুগলি! রিষড়ায় দিলীপ ঘোষের রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তি, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
রাম নবমীর মিছিলকে ঘিরে এবার অশান্তি ছড়াল হুগলির রিষড়ায়। এদিন বিকেলে সেখানে মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ অনুযায়ী, হঠাৎ মিছিলকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যায়।

রিষড়ায় উত্তেজনা
এদিন বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হঠাৎই সেই মিছিলে হামলা করা হয় বলে অভিযোগ। মিছিলে ইট-পাটকেল উড়ে আসতে থাকে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দোকান ও যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটে। বহু মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন।

দিলীপ ঘোষ মিছিল ঘিরে অশান্তি
দিলীপ ঘোষ দাবি করেন, তাঁর গাড়ির সামনেই বোমা পড়ে। আশপাশেও বোমা পড়ে। সেই সময় পুলিশ বলে, এটা তাদের এলাকায় নয়। এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সেই সময় দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।

পুলিশের ভূমিকায় প্রশ্ন
হাওড়ার শিবপুরের মতোই হুগলির রিষড়াতেও রামনবমীর মিছিলে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মিছিলের আগে ও পিছনে পর্যান্ত পুলিশি বন্দোবস্ত ছিল না বলে অভিযোগ। এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কেন পুলিশের কাছে মিছিল নিয়ে গোয়েন্দা রিপোর্ট থাকছে না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

মিছিলে অংশগ্রহণকারীরা বহিরাগত
এদিনের ঘটনায় মিছিলে যারা ছিল, তারা বহিরাগত। এমনটাই দাবি করেছেন, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। মিছিলে অশান্তির দায় তিনি বিজেপির ঘাড়েই চাপিয়ে দিয়েছেন। রাম নবমীর মিছিলের নামে বিজেপি অশান্তি তৈরি করছে বলে অভিযোগ তৃণমূলের।

বৃহস্পতিবারে হাওড়ায় সংঘর্ষ
প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিমি দূরে হাওড়ার শিবপুরে গত বৃহস্পতিবার একই ধরনের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার সন্ধেয় হাওড়ার কাজিপাড়ার মধ্যে দিয়ে রাম নবমীর মিছিল যাওয়ার সময় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী বিজেপিকে দায়ী করেছিলেন। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে ঘটনার তদন্ত এনআইএকে দিয়ে করানোর দাবি তোলা হয়।












Click it and Unblock the Notifications