বিজেপি কর্মীদের ভুল বোঝাচ্ছে তৃণমূল, দলে বিভেদ নেই, সকলে একসঙ্গে আছি, দাবি লকেটের
গঙ্গার ঘাটে তর্পণ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ছেড়ে যাওয়া বিজেপি কর্মী- সমর্থকদের প্রতি তাঁর স্মরণ। মহালয়ার সকালেও তার গলায় বাংলার শাসক দলকে নিয়ে সমালোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমালোচনা ফের সাংসদের মুখে।
চুঁচুড়ার জোড়াঘাটে তর্পণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গঙ্গায় ডুব দিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষে মালা দেন লকেট। সাংসদ বলেন,বাংলার বিজেপি শহিদদের জন্য তর্পণ করেছি। বাংলায় অশুভ শক্তির বিরুদ্ধে বিজেপি লড়াই করছে, করবে।

এদিন সকালেও তৃণমূল ও বাংলার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে তার গলায় সমালোচনা শোনা যায়। আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, গ্রামে আবাস যোজনা মানুষ পায়নি। যাদের বাড়ি পাওয়ার কথা তারা তো পায়নি। তৃণমূলের নেতারা এখন মুখ বাঁচানোর জন্য বলছে, কেন্দ্রীয় সরকার না কী টাকা দেয়নি।
পিতৃপক্ষেই দুর্গাপুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে। মহালয়ার পর থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে তৃণমূল জমানায়। ধর্মীয় রীতিনীতি মানা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর সৌজন্য এইসব হচ্ছে। কটাক্ষ করেন সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন তৃণমূল নেত্রী। এটা পরিবারতন্ত্রের উদাহরণ বলে খোঁচা লকেটের।
বাংলায় এত দুর্নীতি। গরিব মানুষের টাকা, ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা মেরেছে তৃণমূল। মানুষ দূত হিসাবে না, ভূত হিসাবে গেলেও ক্ষমা করবে না। তৃণমূল মিথ্যা বুঝিয়ে দিল্লিতে গিয়ে প্রহশন করেছে। কৃষি ভবনে গিয়ে মহিলা মন্ত্রীকে হেনস্থা করেছে।
বিজেপি দফতরে বিক্ষোভ নিয়ে রাজনৈতিক চাপানউতোড় চলছে। সেই প্রসঙ্গে লকেট বলেন, তৃণমূল ষড়যন্ত্র করছে। নানাভাবে বিজেপিকে ভাঙার চেষ্টা করছে। বিজেপির এত বিধায়ক, সাংসদ আছেন। তৃণমূলের এই ষড়যন্ত্র ধোপে টিকবে না।২০২৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে চারশোর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে।
বিজেপি দলে পুরনোদের গুরুত্ব কি কমছে! এই বিষয়ে সাংসদ বলেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা আমরা সবাই একসঙ্গেই আছি। তৃণমূল সবার মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। প্রত্যেকের যথেষ্ট সম্মান আছে। পুরনোদের বুদ্ধি নিয়ে নতুনদের শক্তি দিয়ে বিজেপি ২০২৪ সালে নির্বাচন জিতবে।
কিছু বিজেপি কর্মীকে ভুল বোঝানো হচ্ছে। সেইসব বিষয়কে খোঁজার চেষ্টা চলছে। বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।












Click it and Unblock the Notifications