কংগ্রেসে ঘরওয়াপসি তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতির, জোর ধাক্কা পঞ্চায়েতের আগে
পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসাতে চলেছে কংগ্রেস। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা ফিরে আসছেন কংগ্রেসে। রবিবার হাওড়ায় তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন কার্যকরী সভাপতি যোগ দিলেন কংগ্রেসে। তাঁর ঘরওয়াপসিতে তৃণমূল জোর ধাক্কা খেল পঞ্চায়েত নির্বাচনের আগে।
পঞ্চায়েত নির্বাচনের আগেই সাগরদিঘি উপনির্বাচন সংঘটিত হয়েছে। সেখানে শাসক তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের জয়ের সরণিতে ফিরে আসে। যতই তিনমাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক তৃণমূলে নাম লেখান, সংখ্যালঘু মন যে তৃণমূলের দিকে থেকে সরে আসতে শুরু করেছে, তা দিকে দিকে কংগ্রেসে যোগদানে স্পষ্ট।

শুধু অধীর-গড় মুর্শিদাবাদেই নয়, হাওড়াতেও তৃণমূলের সংখ্যালঘু সেলে ফাটল ধরিয়ে দিল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূলের হাওড়া জেলা সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি হাফিজুর রহমানের ঘরওয়াপসি হল। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন কংগ্রেসে।
এদিন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভাণ্ডারি তাঁর হাতে পতাকা তুলে দেন। বর্ষীয়ান নেতা অসিত মিত্র তাঁকে স্বাগত জানান কংগ্রেস শিবিরে। তিনি একটা সময় কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত ছিলেন। জেলা যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
উলুবেড়িয়ার প্রাক্তন তৃণমূল সাংসদ সুতলান আহমেদের হাত ধরে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। দীর্ঘদিন ওই দলে কাটিয়ে তাঁর বোধোদয় হয়েছে তৃণমূল সংখ্যালঘু ও বাঙালি মুসলিমদের সম্মান দেয় না। সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি থাকাকালীন তিনি নানাভাবে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কেউ কর্ণপাত করেননি।
অবশেষে তৃণমূলে তাঁর মোহভঙ্গ হল, তিনি ফিরে এলেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অসিত মিত্র ও জেলা সভাপতি পলাশ ভাণ্ডারির হাত ধরে তাঁর ঘরওয়াপসি হলষ এই ঘরওয়াপসিতে গ্রামীণ হাওড়ায় কংগ্রেস শক্তিশালী হবে বলে মনে করছেন জেলা সভাপতি।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু নেতার কংগ্রেসে ঘরওয়াপসি জেলা তথা রাজ্যের সংখ্যালঘু সমাজে প্রভাব ফেলবে। আসন্ন নির্বাচনেও তা প্রভাব ফেলবে, বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আঘাত নেমে আসতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য।
তৃণমূল ছেড়ে ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেসে যোগদান করে হাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে তিনি কংগ্রেসকে বেছে নিলেন। শুধু হাফিজুরই নন, এছাড়া রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে একাধিক সংক্যালঘু নেতা সম্প্রতি যোগদান করেছেন কংগ্রেসে।
উত্তর ২৪ পরগনার বারাসতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শতাধিক নেতা-কর্মী। মুর্শিদাবাদে তৃণমূলের সাংসদ খলিলুর রহমানের ভাইপো আনারুল হক যোগ দিলেন কংগ্রেসে। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যোগ মাহমাদুল হকও কংগ্রেসের যোগ দেন।












Click it and Unblock the Notifications